২৩ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:১৮, ২২ আগস্ট ২০২৬

বুলবুল হত্যার দ্রুত বিচারের দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

বুলবুল হত্যার দ্রুত বিচারের দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

ইসলামী আন্দোলন বাংলাদেশ, বন্দর থানা শাখার দায়িত্বশীল, বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম নেতা ও জুলাই যোদ্ধা জাহিদুল ইসলাম বুলবুল হত্যার আসামিদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শনিবার (২২ আগস্ট) ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর, বন্দর থানা ও সিদ্ধিরগঞ্জ থানা শাখার উদ্যোগে পৃথকভাবে এসব বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ শহর শাখার বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি ছিলেন মহানগর ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মুফতি মাসুম বিল্লাহ। এতে সভাপতিত্ব করেন নগর সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম।

বন্দর থানা শাখার কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন মহানগর সহ-সভাপতি নূর হোসেন এবং সাংগঠনিক সম্পাদক আ. হক। সিদ্ধিরগঞ্জ থানা শাখার বিক্ষোভে প্রধান অতিথি ছিলেন নগর সভাপতি মাও. দ্বীন ইসলাম। প্রধান বক্তা ছিলেন মুহা. সুলতান মাহমুদ এবং সভাপতিত্ব করেন মুহা. ইসমাইল।

এ সময় শহর, বন্দর ও সিদ্ধিরগঞ্জ থানার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিক্ষোভ থেকে নেতৃবৃন্দ বলেন, অনতিবিলম্বে শেখ সিফাতসহ তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। কোনো টালবাহানা করা হলে তৌহিদী জনতা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

তারা আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করতে হবে। একই সঙ্গে আসামিদের মামলা হালকা করার উদ্দেশ্যে তাদের আত্মীয়-স্বজনের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগেরও সুষ্ঠু তদন্ত দাবি করেন তারা।

নেতৃবৃন্দ বলেন, কোনো ষড়যন্ত্রের মাধ্যমে যেন আসামিদের বিচারপ্রক্রিয়া হালকা করা না হয়। অন্যথায় এর পরিণতি ভালো হবে না।

উল্লেখ্য, বুলবুল হত্যার ঘটনায় আসামিদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার (২৩ আগস্ট) সকাল ১১টায় জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এতে নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়