২৩ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:০০, ২২ আগস্ট ২০২৬

কাঁচপুরে বাস থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার, চালক-হেলপার আটক

কাঁচপুরে বাস থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার, চালক-হেলপার আটক

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৯ কেজি গাঁজা উদ্ধার করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। এ ঘটনায় বাসের চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় তামিম নার্সারির সামনে ঢাকাগামী লেনে চেকপোস্ট বসিয়ে একটি লাল-সবুজ এসি বাসে তল্লাশি চালানো হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, নোয়াখালী থেকে বাসযোগে অবৈধ মাদকদ্রব্য ঢাকার দিকে আনা হচ্ছে। পরে বাসটি থামিয়ে চালক ফুয়াদ উদ্দিন (৩৬) ও হেলপার মো. সালাউদ্দিনকে (২২) জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তারা বাসে মাদক থাকার কথা স্বীকার করেন।

তাদের দেখানো মতে বাসের পেছনের ডান পাশের মালামাল রাখার বক্সে রাখা একটি নীল রঙের কাপড়ের ব্যাগ থেকে ৬টি পোটলায় মোট ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এর মধ্যে তিনটি পোটলায় ১ কেজি করে এবং তিনটি পোটলায় ২ কেজি করে গাঁজা ছিল। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ১৭ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

আটক ফুয়াদ উদ্দিন নোয়াখালী সদর থানার সোনাপুর এলাকার নুর নবীর ছেলে এবং সালাউদ্দিন একই থানার মধ্য করিমপুর এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে।

কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, উদ্ধার করা গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ

জনপ্রিয়