২৩ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:১২, ২২ আগস্ট ২০২৬

জন্মাষ্টমী নির্বিঘ্নে পালনে সর্বাত্মক নিরাপত্তা থাকবে: সাখাওয়াত

জন্মাষ্টমী নির্বিঘ্নে পালনে সর্বাত্মক নিরাপত্তা থাকবে: সাখাওয়াত

হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) বিকেল ৪টায় চাষাঢ়াস্থ শ্রীশ্রী গোপাল জিউর বিগ্রহ মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, ‘ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে একটি সুদৃঢ় ও বৈষম্যহীন নগরী গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা কোনো দয়া নয়, এটি আপনাদের সাংবিধানিক নাগরিক অধিকার।’

তিনি বলেন, দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে। শহরের বিভিন্ন ঐতিহ্যবাহী পুকুর ও জলাশয় সংরক্ষণ, খাল খনন এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণেও সিটি করপোরেশন কাজ করে যাচ্ছে।

জন্মাষ্টমীর শোভাযাত্রা ও উৎসব প্রসঙ্গে সাখাওয়াত হোসেন খান বলেন, আগামী ৪ সেপ্টেম্বরের জন্মাষ্টমীর শোভাযাত্রা ও উৎসব যাতে সম্পূর্ণ নির্বিঘ্নে, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়, সে লক্ষ্যে সিটি করপোরেশন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা ও পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হবে।

সভায় প্রধান বক্তার বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, রাজনৈতিক অভিভাবক তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা রয়েছে, সনাতন ধর্মাবলম্বীদের প্রতিটি ধর্মীয় অনুষ্ঠানে যেন কোনো ধরনের ব্যাঘাত না ঘটে।

তিনি বলেন, ‘৫ আগস্ট-পরবর্তী সময়ে দুর্গাপূজা, কালীপূজাসহ প্রতিটি পর্বে আমরা পাশে ছিলাম এবং আগামীতেও থাকব। বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একটি অসাম্প্রদায়িক সমাজ বজায় রাখব।

বক্তারা বলেন, নারায়ণগঞ্জে আবহমানকাল ধরে চলে আসা সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বজায় রেখেই ধর্মীয় ভাবগাম্ভীর্য, শান্তি ও শৃঙ্খলার মধ্য দিয়ে জন্মাষ্টমীর কর্মসূচি পালন করতে হবে। জুমার নামাজের সময় বিবেচনায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে শোভাযাত্রা শেষ করার আহ্বান জানান তারা।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক শংকর কুমার দে-এর সভাপতিত্বে এবং সুশীল কুমার দাসের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন সংগঠনের জেলা উপদেষ্টা পরিতোষ কান্তি সাহা, সরোজ কুমার সাহা ও প্রবীর কুমার সাহা।

এ ছাড়া জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকারসহ জেলা, মহানগর, বিভিন্ন থানা, ওয়ার্ড ও মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়