সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ‘অটো ফাইন সিস্টেম’ উদ্বোধন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি বন্ধ, সড়ক নিরাপত্তা নিশ্চিত ও ট্রাফিক শৃঙ্খলা জোরদারে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) ‘অটো ফাইন সিস্টেম’ উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় এ প্রযুক্তির উদ্বোধন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এআই প্রযুক্তির অটো ফাইন সিস্টেম চালুর ফলে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে এবং ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে স্বচ্ছ ও কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।
তিনি জানান, নির্ধারিত গতিসীমা অতিক্রম, অবৈধ পার্কিং, থ্রি-হুইলার চলাচল, উল্টোপথে যানবাহন চালানোসহ বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘন এআই ক্যামেরার মাধ্যমে শনাক্ত করা হবে। এরপর স্বয়ংক্রিয়ভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার এলাকায় গুরুত্বপূর্ণ স্থানে ১ হাজার ৪২৭টি এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে।
আইন লঙ্ঘনকারী যানবাহন শনাক্ত হওয়ার পর নিবন্ধিত মালিকের মুঠোফোনে এসএমএসের মাধ্যমে মামলার তথ্য পাঠানো হবে। পরে নির্ধারিত মোবাইল ব্যাংকিং পদ্ধতিতে জরিমানার টাকা পরিশোধের সুযোগ থাকবে।
হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশের আইজিপি মো. আলী হোসেন ফকির, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরসহ সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, এ ব্যবস্থা মহাসড়কে ট্রাফিক আইন প্রতিপালন, যান চলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও সড়ক দুর্ঘটনা কমাতে কার্যকর ভূমিকা রাখবে। এ কার্যক্রম সফল করতে যাত্রী, পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সহযোগিতা চাওয়া হয়েছে।





































