সোনারগাঁয়ে ১ হাজার ৭০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১ হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বপন দত্ত (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে উপজেলার জামপুর ইউনিয়নের বুরুমদী গ্রামের হাবিবুর রহমান পিয়ারের বাড়ির সামনের গেট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার স্বপন দত্ত কুমিল্লার কোতোয়ালি থানার রানী দীঘির পাড় এলাকার মৃত রমনি দত্তের ছেলে। বর্তমানে তিনি কুমিল্লার রাজমঙ্গলপুর এলাকায় বসবাস করেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং তাঁকে আদালতে পাঠানো হয়েছে। থানার নথি ও সিডিএমএস পর্যালোচনা করে তাঁর বিরুদ্ধে আরও দুটি মাদক মামলা আদালতে বিচারাধীন থাকার তথ্য পাওয়া গেছে।





































