১৪ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৫:৫৩, ১৪ আগস্ট ২০২৬

সোনারগাঁয়ে ম্যারাথনে দৌড়ানোর সময় হৃদরোগে মৃত্যু

সোনারগাঁয়ে ম্যারাথনে দৌড়ানোর সময় হৃদরোগে মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ম্যারাথনে অংশ নিয়ে দৌড়ানোর সময় হৃদরোগে আক্রান্ত হয়ে টিপু সুলতান (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে উপজেলার বালিয়া দিঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত টিপু সুলতান মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও ব্যবসায়ী আশরাফ উদ্দিনের ব্যক্তিগত সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

আয়োজক সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৬টায় সোনারগাঁও রানার্সের উদ্যোগে ‘সোনারগাঁ ৭.৫ কে রান ২০২৬’ ম্যারাথন শুরু হয়। উপজেলার পানামনগর আমিনপুর মাঠ থেকে শুরু হওয়া সাড়ে ৭ কিলোমিটারের দৌড়ে সারাদেশ থেকে প্রায় ৬০০ জন অংশ নেন।

দৌড়ের অর্ধেক পথ অতিক্রম করে বালিয়া দিঘিরপাড় এলাকায় পৌঁছালে টিপু সুলতান হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে ইভেন্টের মেডিকেল টিমের সহায়তায় তাঁকে দ্রুত সোনারগাঁও সেবা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাঁকে মদনপুরের আল বারাকা হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

‘সোনারগাঁ ৭.৫ কে রান ২০২৬’-এর মুখ্য আয়োজক শিমুল ভূইয়া বলেন, সারাদেশ থেকে আসা প্রায় ৬০০ দৌড়বিদের সঙ্গে টিপু সুলতানও প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। অসুস্থতার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাঁকে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। তাঁর আকস্মিক মৃত্যুতে আয়োজকরা গভীরভাবে শোকাহত।

প্রতিযোগিতার প্রধান অতিথি নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান টিপু সুলতানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সর্বশেষ

জনপ্রিয়