আড়াইহাজারে বিএনপি নেতার নেতৃত্বে কৃষকদল নেতার বাড়িতে হামলা, আহত ৩
নারায়ণগঞ্জের আড়াইহাজারে এলাকায় মাদক ব্যবসার অভিযোগকে কেন্দ্র করে বিএনপি ও কৃষকদল নেতার মধ্যে বিরোধের জেরে কৃষকদল নেতার বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কৃষকদল নেতা বেলায়েত হোসেনের দুই স্ত্রী রহিমা বেগম, লাকি বেগম ও চাচাতো ভাই সবু আহত হয়েছেন। হামলার সময় বাড়িতে ভাঙচুর ও লুটপাটেরও অভিযোগ করা হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের গহরদী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, মাহমুদপুর ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাজাহান শিকারীর বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। এর জেরে প্রায় তিন দিন আগে কৃষকদল নেতা বেলায়েত হোসেনের নেতৃত্বে এলাকাবাসী শাজাহান শিকারীর বাড়িতে গিয়ে মাদক উদ্ধার করে এবং তাকে মারধর করে বলে স্থানীয়রা জানান। ওই ঘটনার জের ধরেই পরবর্তী বিরোধ ও শুক্রবারের হামলার সূত্রপাত বলে দাবি স্থানীয়দের। পরে শুক্রবার সকালে শাজাহান শিকারীসহ একদল লোক দেশীয় ধারালো অস্ত্র নিয়ে বেলায়েত হোসেনের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করেন বেলায়েত।
বেলায়েত হোসেনের অভিযোগ, হামলাকারীরা বাড়িতে ঢুকে তাকে খুঁজতে থাকে। তাকে না পেয়ে এ সময় তার স্ত্রী রহিমা বেগম, লাকি বেগম ও মামাতো ভাই সবু বাধা দিতে গেলে তাদেরও মারধর ও কুপিয়ে আহত করা হয়।
তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীরা ঘরের মালামাল ভাঙচুর করে স্বর্ণালংকার, নগদ ১০ লাখ টাকা ও অন্যান্য মালামালসহ ২০ লাখ টাকার বেশি জিনিসপত্র লুট করে নিয়ে গেছে।
পরে স্থানীয়রা আহত রহিমা, লাকি ও সবুকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
তবে শাজাহান শিকারী পাল্টা অভিযোগ করে বলেন, বুধবার রাতে কৃষকদল নেতা বেলায়েত হোসেন তার বাড়িতে হামলা চালিয়ে তাকে মারধর ও আহত করেন। এ সময় তার বাড়িতে লুটপাটও করা হয়েছে। এ ঘটনায় তিনি আড়াইহাজার থানায় মামলা করেছেন বলে জানান।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষ থানায় অভিযোগ দিয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





































