০৯ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১১:৫৬, ৮ আগস্ট ২০২৬

আপডেট: ১১:৫৭, ৮ আগস্ট ২০২৬

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল: ভুক্তভোগীকেই টিসি দিয়েছে স্কুল কর্তৃপক্ষ

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল: ভুক্তভোগীকেই টিসি দিয়েছে স্কুল কর্তৃপক্ষ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল হওয়ার ঘটনার পর এবার ভুক্তভোগী ছাত্রীকেই ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দিয়ে বিদ্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়ভাবে নতুন করে সমালোচনা তৈরি হয়েছে।

ভুক্তভোগী ছাত্রী সোনারগাঁ উপজেলার কাঁচপুরের ওমর আলী উচ্চবিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তার বাবা একজন পোশাক কারখানার শ্রমিক। অভিযুক্ত কিশোরের বাড়ি কাঁচপুরের রায়েরটেক এলাকায়।

ভুক্তভোগী ছাত্রীর বাবা বলেন, “আমার মেয়েকে লাথি মারার ঘটনাটি প্রায় এক মাস আগের। কিন্তু স্কুলের সময় বাইরে যাওয়ার অভিযোগে স্যাররা বিচার করে আমার মেয়েকেই টিসি দিয়ে দিয়েছে।” তিনি আরও বলেন, অভিযুক্ত ছেলেটির কোনো বিচার হয়েছে কি না, তা তিনি জানেন না।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় স্কুলড্রেস পরা দুই ছাত্রী শীতলক্ষ্যা নদীর পাড়ের ওয়াকওয়ে এলাকায় হাঁটছিল। এ সময় এক কিশোর পেছন থেকে এক ছাত্রীকে পরপর লাথি মারে। ঘটনাটি মোবাইলে ধারণ করে পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

এদিকে, অভিযুক্ত কিশোরকে নিয়ে একটি সালিসের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে তাকে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করতে দেখা যায়।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, “স্কুল কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ওই দুই ছাত্রীকে টিসি দেওয়া হয়েছে। ঘটনাটি স্কুলের বাইরে ঘটেছে, তাই স্থানীয়ভাবে এর বিচার করা হয়েছে।”

পুলিশ জানিয়েছে, ভাইরাল ভিডিও তাদের নজরে এসেছে। সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন বলেন, “এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বশেষ

জনপ্রিয়