০৮ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:২৩, ৭ আগস্ট ২০২৬

আমের ক্যারেটের আড়ালে মাদক পাচার, ৩৭৭ বোতল ফেয়ারডিল উদ্ধার

আমের ক্যারেটের আড়ালে মাদক পাচার, ৩৭৭ বোতল ফেয়ারডিল উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় আমের ক্যারেটের আড়ালে ফেয়ারডিল পাচারের সময় ৩৭৭ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

শুক্রবার (৭ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ উপজেলার ঢাকা বাইপাস মহাসড়কের কেন্দুয়াপাড়া এলাকায় রূপসী বাংলা রেস্টুরেন্টের সামনে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ।

গ্রেপ্তার ব্যক্তি হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার কাঠাল চাঁদপুর এলাকার বাসিন্দা মো. মমিন (৩০)। তিনি নূরুল হকের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি ট্রাকে করে বিপুল পরিমাণ মাদক নারায়ণগঞ্জের দিকে আনা হচ্ছে। পরে সন্দেহভাজন ট্রাকটিকে থামানোর সংকেত দিলে একজন ব্যক্তি ট্রাক থেকে নেমে পালানোর চেষ্টা করেন। র‌্যাব সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন।

এরপর ট্রাকটি তল্লাশি করে আমের ক্যারেটের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩৭৭ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মমিন জানান, তিনি একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদক সংগ্রহ করে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন কৌশলে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের জেলায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তার আসামি ও জব্দ করা আলামত পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়