২৫ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:১৪, ২৫ নভেম্বর ২০২৬

আপডেট: ১৯:১৪, ২৫ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে বসতঘর গুঁড়িয়ে দেওয়ার ঘটনাস্থল পরিদর্শনে এনসিপি নেতারা

সিদ্ধিরগঞ্জে বসতঘর গুঁড়িয়ে দেওয়ার ঘটনাস্থল পরিদর্শনে এনসিপি নেতারা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হিরাঝিল আবাসিক এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জেরে বুলডোজার দিয়ে জহুরা বেগমের বসতঘর গুঁড়িয়ে দেওয়ার ঘটনাস্থল পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।

বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১টার দিকে এনসিপির নারায়ণগঞ্জ মহানগর ও সহযোগী সংগঠনের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তাঁরা ক্ষতিগ্রস্ত বসতঘরটি ঘুরে দেখেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত খোঁজখবর নেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন এনসিপির ঢাকা বিভাগ উত্তরের সহসাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগরের সাবেক আহ্বায়ক শওকত আলী, মহানগর এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব মো. সাগর মল্লিক, মহানগর যুবশক্তির আহ্বায়ক রাইসুল ইসলাম, মহানগর ছাত্রশক্তির যুগ্ম আহ্বায়ক মাহিন ইসলাম, মহানগর এনসিপির সংগঠক হাসান ও শ্রমিকশক্তির যুগ্ম আহ্বায়ক মো. বিল্লাল হোসেন।

এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে হিরাঝিল আবাসিক এলাকার ৮ নম্বর গলিতে বসতঘর গুঁড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারের অভিযোগ, জমিসংক্রান্ত বিরোধের জেরে পিয়ার আলীর নেতৃত্বে ৫০ থেকে ৬০ জনের একটি দল বুলডোজার দিয়ে জহুরা বেগমের সেমিপাকা বসতঘরটি গুঁড়িয়ে দেয়। এতে প্রায় ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তাঁরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই জমি নিয়ে জহুরা বেগম ও পিয়ার আলীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে একটি মামলা বিচারাধীন রয়েছে। মামলা চলমান থাকা অবস্থায় বসতঘর ভাঙচুরের ঘটনা ঘটে।

সর্বশেষ

জনপ্রিয়