ইন্দোনেশিয়ায় বিজ্ঞান মেলায় স্বর্ণপদক জিতল তোলারাম কলেজের শিক্ষার্থীরা
ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রকৌশল ও বিজ্ঞান মেলা ২০২৬-এ (বালি ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং সায়েন্স ফেয়ার) স্বর্ণপদক অর্জন করেছে নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের প্রতিনিধিদল।
আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় স্বাস্থ্য ও চিকিৎসাবিজ্ঞান বিভাগে সাতটি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে স্বর্ণপদক অর্জন করে দলটি।
সরকারি তোলারাম কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রভাষক মিঠুন বিশ্বাসের নেতৃত্বে প্রতিযোগিতায় অংশ নেন দ্বাদশ শ্রেণির দুই শিক্ষার্থী। তাঁরা হলেন দলনেতা মো. তাহমিদ ইসলাম হৃদম ও উদ্ভাবক প্রতিম কান্তি সরকার শান্তনু।
এটি সরকারি তোলারাম কলেজের প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ। প্রথমবার অংশ নিয়েই স্বর্ণপদক অর্জন করায় কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
এ সাফল্যে বিজয়ী শিক্ষক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শহীদুল ইসলাম।
তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা, পরিশ্রম ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে অর্জিত এই স্বর্ণপদক কলেজের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে।
অধ্যক্ষ জানান, শিক্ষার্থীদের প্রচলিত শিক্ষার পাশাপাশি গবেষণা, বিজ্ঞানচর্চা ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টিতে গুরুত্ব দেওয়া হচ্ছে।
এ অর্জনে সহযোগিতা ও পৃষ্ঠপোষকতার জন্য ড্যাব নারায়ণগঞ্জের সভাপতি অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব, জেলা প্রশাসক রায়হান কবির, নারায়ণগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আজিজুল্লাহ ও বিজ্ঞান ক্লাবের আহ্বায়ক অধ্যাপক দেওয়ান মোহাম্মদ ইয়াসির আরাফাতসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।





































