১৯ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:২৬, ১৮ নভেম্বর ২০২৬

আপডেট: ২১:২৬, ১৮ নভেম্বর ২০২৬

জ্বালাও-পোড়াও হলে আ.লীগ নেতাকর্মীদের বাড়িঘরে থাকতে দেওয়া হবে না: রনি

জ্বালাও-পোড়াও হলে আ.লীগ নেতাকর্মীদের বাড়িঘরে থাকতে দেওয়া হবে না: রনি

নারায়ণগঞ্জের কোনো এলাকায় গাড়ি পোড়ানো বা জ্বালাও-পোড়াওয়ের ঘটনা ঘটলে ওই এলাকার আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে থাকতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। এমনকি তাঁদের বাড়িঘর পুড়িয়ে দেওয়ারও হুমকি দিয়েছেন তিনি।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

মিছিল-পূর্ব সমাবেশে মশিউর রহমান রনি বলেন, “আমরা দীর্ঘ ১৭ বছর বুক উঁচু করে, ব্যানার নিয়ে রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছি। মুখে মাস্ক বা মুখ পেঁচিয়ে কিংবা লুকিয়ে কখনো কোনো কর্মসূচি পালন করিনি। দীর্ঘ ১৭ বছর আমরা যখন বিরোধী দলে ছিলাম, তখন জনগণ ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো কর্মসূচি আমাদের দ্বারা হয়নি। কিন্তু বর্তমানে একটি শ্রেণী, যাদেরকে তত্ত্বাবধায়ক সরকার ও দেশের মানুষ নিষিদ্ধ ঘোষণা করেছে, তারা দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে।”

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আপনাদের দেশ থেকে আমরা বিতাড়িত করিনি, আপনাদের বিতাড়িত করেছে সাধারণ ছাত্র-ছাত্রী ও খেটে খাওয়া মানুষ। আপনাদের ভেতরে যারা বিচক্ষণ ও ভালো মানুষ আছেন, তারা আগের মতো মিসগাইড না হয়ে ভালো কাজের মাধ্যমে জনগণের মন জয় করার চেষ্টা করুন। কিন্তু আজকে যেভাবে গোপালগঞ্জে জ্বালাও-পোড়াও করছেন ও গাড়ি পোড়াচ্ছেন, এতে আপনারা আপনাদের সেই পুরনো রূপই প্রকাশ করছেন।”

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের কথা উল্লেখ করে রনি বলেন, “আপনারা মনে করতে পারেন বর্তমান প্রধানমন্ত্রী কেন শেখ হাসিনার রূপ নিচ্ছেন না? কারণ তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উত্তরসূরি জনাব তারেক রহমান। তিনি সাধারণ মানুষকে কীভাবে ভালো রাখা যায় ও শান্তিতে রাখা যায়, সেই কাজটিই করছেন।”

নাশকতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, “আজকের পর থেকে নারায়ণগঞ্জের যে এলাকায় গাড়ি পুড়বে বা জ্বালাও-পোড়াও হবে, সেই এলাকার আওয়ামী লীগের একটা লোককেও বাড়িঘরে থাকতে দেওয়া যাবে না এবং তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হবে। নারায়ণগঞ্জে এই সন্ত্রাসী কর্মকাণ্ড থাকতে দেওয়া যাবে না। আওয়ামী লীগকে যেখানেই পাওয়া যাবে, সেখানেই ঘাড় ধরে পুলিশ প্রশাসনের কাছে তুলে দিতে হবে।”

সমাবেশ শেষে মশিউর রহমান রনির নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহরের শিবু মার্কেট থেকে শুরু হয়ে ফতুল্লা স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। এতে নারায়ণগঞ্জ জেলা যুবদলসহ বিভিন্ন থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

সর্বশেষ

জনপ্রিয়