১৯ নভেম্বর ২০২৬

সৌরভ হোসেন সিয়াম

প্রকাশিত: ১৯:৫৮, ১৮ নভেম্বর ২০২৬

আপডেট: ১৯:৫৯, ১৮ নভেম্বর ২০২৬

দুর্বৃত্তের আগুনে পুড়েছে বাস, স্ত্রীর ডায়ালাইসিস খরচ নিয়ে চিন্তিত মালিক

দুর্বৃত্তের আগুনে পুড়েছে বাস, স্ত্রীর ডায়ালাইসিস খরচ নিয়ে চিন্তিত মালিক

দু’টি বাসের ভাড়া থেকে পাওয়া টাকায় অসুস্থ স্ত্রীর কিডনি ডায়ালাইসিসের খরচ চালাতেন শহিদুল আলম। কিন্তু বুধবার ভোরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে তার সেই বাস দুটি। এখন স্ত্রীর চিকিৎসার খরচ কীভাবে জোগাড় করবেন, সেই চিন্তায় পড়েছেন তিনি।

শুধু শহিদুল আলমের বাসই নয়, একই রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জে পৃথক তিনটি স্থানে দুর্বৃত্তদের আগুনে পুড়েছে তিনটি বাস ও দুটি লেগুনা।

বুধবার (১৮ নভেম্বর) ভোররাতে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

রাত সাড়ে ৩টার দিকে রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের হাইওয়ে সড়কে আব্দুর রশিদ মার্কেটের পাশে মেঘলা বাস ডিপোর সামনে দাঁড়িয়ে থাকা মেঘলা ট্রান্সপোর্ট কোম্পানির দুটি বাসে আগুন দেওয়া হয়। ঘটনাস্থলের কাছেই নারায়ণগঞ্জ-১ আসনের বিএনপির সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর বাড়ি।

বাসের স্টাফ মো. আলম বলেন, রাত সাড়ে ৩টার দিকে বাস ডিপোর সামনে দুটি বাস দাঁড়িয়ে ছিল। এ সময় মোটরসাইকেলে করে কয়েকজন এসে বাস দুটিতে আগুন ধরিয়ে দ্রুত চলে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে আলম বলেন, “আমি প্রথমে মনে করছিলাম, রোডে ডাকাতি করতে আসছে। পরে ডাকাত ডাকাত বলে চিল্লান দিলে একজন বলতেছে, ‘গুল্লি কইরা দে।’ তখন একটা ফাঁকা আওয়াজ করলো কি না জানি না, আমি উল্টা দিকে দৌড় দিছি।”

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় ভোর সাড়ে ৪টার দিকে আগুন নেভায়। ততক্ষণে বাস দুটির ভেতরের অংশ পুড়ে যায়। এতে প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন আলম।

বাসমালিক শহিদুল আলম বলেন, বাস দুটি থেকে পাওয়া ভাড়ার টাকা দিয়েই তিনি অসুস্থ স্ত্রীর কিডনি ডায়ালাইসিসের খরচ চালাতেন। এখন বাস পুড়ে যাওয়ায় স্ত্রীর চিকিৎসার খরচ কীভাবে চালাবেন, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “আমার গাড়ি দুইটা এমপির বাড়ির সামনের এই স্ট্যান্ডে সবসময় থাকে। রাতে কে বা কারা আগুন দিয়া আমার সব শেষ কইরা দিয়া গেছে।”
ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রঞ্জু বলেন, গোলাকান্দাইল এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এদিকে একই রাতে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ‘থ্রি স্টার’ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কের ইউটার্ন-সংলগ্ন সড়কের পাশে বাসটি পার্ক করা ছিল। এ সময় মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি বাসটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যান।

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. জুলহাস জানান, রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে দুর্বৃত্তরা রাস্তার পাশে পার্ক করা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়।

অন্যদিকে একই রাতে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের চাঁদমারী এলাকায় দাঁড়িয়ে থাকা দুটি লেগুনায়ও আগুন দেওয়া হয়। তবে স্থানীয় লোকজন দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

সর্বশেষ

জনপ্রিয়