১৯ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৩৫, ১৮ নভেম্বর ২০২৬

আপডেট: ১৮:৩৬, ১৮ নভেম্বর ২০২৬

অরাজকতা সৃষ্টির চেষ্টা হলে ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে চিহ্নিত করা হবে: শাহেদ

অরাজকতা সৃষ্টির চেষ্টা হলে ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে চিহ্নিত করা হবে: শাহেদ

নারায়ণগঞ্জে অস্ত্রবাজি বা অর্থায়নের মাধ্যমে অরাজকতা সৃষ্টির চেষ্টা হলে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে চিহ্নিত করার হুঁশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্যসচিব মোহাম্মদ শাহেদ আহমেদ।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে আয়োজিত সমাবেশ ও মিছিলে তিনি এসব কথা বলেন।

শাহেদ আহমেদ বলেন, “নারায়ণগঞ্জের মাটিতে যদি কোনো অস্ত্রবাজি বা ফান্ডিংয়ের মাধ্যমে কোনো ঘটনা ঘটে, তাহলে প্রত্যেকটা ওয়ার্ড ও গলিতে যারা আওয়ামী লীগ করে কাউকে ছাড় দেওয়া হবে না। ৫ তারিখের পর একটা ঘটনাও দেখাতে পারবেন না যে আমরা কারও ওপর আঘাত করেছি। কিন্তু এবার একটা ঘটনা ঘটলে নারায়ণগঞ্জ মহানগর যুবদল প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে চিহ্নিত করবে।”

তিনি বলেন, “গতকাল এবং পরশু গোপালগঞ্জে কী ঘটাতে চেয়েছে এবং কী ঘটিয়েছে আপনারা দেখেছেন। বিগত ১৭ বছর একটি ফ্যাসিস্ট সরকারের গুম-খুন ও নিপীড়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জের মাটিতে আমরা ধারাবাহিকভাবে আন্দোলন করেছি। কিন্তু নারায়ণগঞ্জের মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমরা সাধারণ জনগণ বা সরকারের জানমালের কোনো ক্ষতি করেছি।”

বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে যুবদলের এই নেতা বলেন, “সরকারের সাত থেকে আট মাসের মাথায় আপনারা দেখেছেন পরিকল্পিতভাবে থানায় গিয়ে পুলিশ হত্যা ও স্থানীয় সাংসদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে কোনো ক্রসফায়ার বা গুম হয়নি, যুবদল, ছাত্রদল বা স্বেচ্ছাসেবক দলের নেতারা অস্ত্র নিয়ে কাউকে গুলি করে মেরে ফেলেনি। এটাই তারেক রহমানের সরকার, এটাই শহীদ জিয়ার আদর্শ ও খালেদা জিয়ার রেখে যাওয়া স্বপ্ন।”

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আমরা নারায়ণগঞ্জবাসীকে শান্ত রাখতে চেয়েছি। আমরা শুনতে পাচ্ছি, নতুন নতুন অস্ত্র কিনে মিছিলে ও নাশকতায় কন্ট্রাক্ট ফান্ডিং করা হচ্ছে। নারায়ণগঞ্জের মাটিতে কোনো কিছু ঘটলে, সেই দায়-দায়িত্ব যারা বিদেশে বসে রয়েছে তারা কিন্তু নেবে না।”

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে শাহেদ আহমেদ বলেন, “আমরা তারেক রহমানের ত্যাগী সন্তান। আমরা তারেক রহমানের, খালেদা জিয়ার আস্থার, নারায়ণগঞ্জের মাটিতে আস্থার প্রতীক। আমরা ১৭ বছর ধারাবাহিকভাবে এদিক এই নারায়ণগঞ্জের মাটিতে জাতীয়তাবাদী আদর্শকে এস্টাবলিশ করেছি। সুতরাং হতাশ হওয়ার কিছু নাই। হয়তো বড় বড় নেতা যারা আছেন, দায়িত্বপ্রাপ্ত যারা আছেন, তাদের ভুল থাকতে পারে। তাদের নিজেদের খিদা বেশি থাকতে পারে। কিন্তু ত্যাগী নেতাকর্মীরা প্রত্যেককেই আইডেন্টিফাই করছে তারেক রহমান এবং প্রত্যেকের বিষয়ে স্টেপ নেবে।”

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, সাজ্জাদ হোসেন কমল, মোফাজ্জল হোসেন আনোয়ার, শাকিল মিয়া, সাইফুল আলম সজীব ও জাকির হোসেন সেন্টুসহ মহানগর এবং বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

সর্বশেষ

জনপ্রিয়