‘ঐতিহ্যের হাটে’ নারায়ণগঞ্জের জামদানি ও সংস্কৃতি তুলে ধরবেন শিক্ষার্থীরা
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঐতিহ্যের হাট ২০২৬’। আগামী ২১ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হবে। এতে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী জামদানি শিল্প, স্থানীয় খাবার ও সংস্কৃতি তুলে ধরতে অংশ নিচ্ছে নারায়ণগঞ্জ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন।
২০২৫ সালের আয়োজনে নারায়ণগঞ্জের প্রতিনিধিত্বকারী শিক্ষার্থীরা দশম স্থান অর্জন করেছিলেন। সেই ধারাবাহিকতায় এবারও জেলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে প্রস্তুতি নিচ্ছেন সংগঠনটির সদস্যরা।
এবারের আয়োজনে নারায়ণগঞ্জের স্টলের অন্যতম আকর্ষণ থাকছে ঐতিহ্যবাহী জামদানি শাড়ি। সূক্ষ্ম বুনন, নান্দনিক নকশা ও তাঁতশিল্পীদের নিপুণ কারুকাজে তৈরি ইউনেসকোর স্বীকৃতিপ্রাপ্ত এ শিল্পের সৌন্দর্য ও গুরুত্ব দর্শনার্থীদের সামনে তুলে ধরা হবে। পাশাপাশি জামদানি শাড়ি কাছ থেকে দেখা ও সংগ্রহের সুযোগ থাকবে।
জামদানি শাড়ির পাশাপাশি স্টলে থাকছে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী খাবারের আয়োজন। এর মধ্যে রয়েছে বাদামের লাড্ডু ও ক্ষীরের চপ। এসব খাবারের মাধ্যমে জেলার স্থানীয় স্বাদ ও খাদ্যসংস্কৃতির পরিচয় তুলে ধরবেন শিক্ষার্থীরা।
এবারের আয়োজনের নেতৃত্বে রয়েছেন মো. সাদেকুল আলম তুষান, মাহাবুব হাসান রাতুল ও শাওন রহমান। আয়োজন পরিচালনার দায়িত্বে রয়েছেন ফাহিম রহমান, সামান্থা জুবাইদা হক ও মারজিয়া শাহিন মিম।
নারায়ণগঞ্জ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা জানান, গতবারের মতো এবারও তাঁরা নিজেদের জেলার ঐতিহ্য ও সংস্কৃতিকে সুন্দরভাবে উপস্থাপন করতে চান। এ আয়োজনের মাধ্যমে নারায়ণগঞ্জের স্বতন্ত্র পরিচয় নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই তাঁদের লক্ষ্য। এ জন্য বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে তাঁদের স্টল পরিদর্শনের আমন্ত্রণ জানিয়েছেন তাঁরা।
উল্লেখ্য, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব ইনোভেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপের আয়োজনে এবং ব্র্যাক ব্যাংক পিএলসির সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে ‘ঐতিহ্যের হাট ২০২৬’। এতে দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী পণ্য, খাবার ও সংস্কৃতি তুলে ধরা হবে।





































