১৯ নভেম্বর ২০২৬

পিএম আব্দে রাব্বি আয়ান

প্রকাশিত: ২০:০৬, ১৮ নভেম্বর ২০২৬

হামলার ভিডিও করায় যুবককে কুপিয়ে খুন

‘আমার স্বামী শেষ, আমার স্বপ্ন শেষ’ অন্তঃসত্ত্বা স্ত্রীর আহাজারি

‘আমার স্বামী শেষ, আমার স্বপ্ন শেষ’ অন্তঃসত্ত্বা স্ত্রীর আহাজারি

‘মারামারির ভিডিও করতে গেছিল। তারপর তারে কোপায় লোকজন। মেডিকেলে নিলে ডাক্তার কয়, সে আর নাই। আমার স্বামী শেষ, আমার স্বপ্ন শেষ।’

কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়ছিলেন নাহিদা ইয়াসমিন। অন্তঃসত্ত্বা এই নারীর চোখেমুখে স্বামীকে হারানোর শোক, সঙ্গে অনাগত সন্তানকে নিয়ে অনিশ্চয়তা। বিয়ের মাত্র আট মাসের মাথায় স্বামী আবু ইউসুফকে হারিয়েছেন তিনি। যে মানুষটির সঙ্গে নতুন সংসার গুছিয়ে নেওয়ার স্বপ্ন দেখছিলেন, সেই মানুষটিই এখন আর নেই।

নারায়ণগঞ্জের ফতুল্লার তক্কারমাঠ এলাকায় পাঁচতলা একটি ভবনের নিচতলায় ভাড়া থাকতেন নাহিদা ও ইউসুফ। স্বামীর চাকরির সুবিধার জন্য দুই মাস আগে সেখানে বাসা নিয়েছিলেন তারা। স্থানীয় একটি ডাইং কারখানার গাড়িচালক ছিলেন ২৫ বছর বয়সী ইউসুফ।

বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে একটি বাড়িতে হামলার দৃশ্য মুঠোফোনে ধারণ করতে গিয়ে হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারান তিনি। স্বামীর মৃত্যুর পর লাশ বুঝে পেতে পরিবারের সদস্যরা যখন হাসপাতালের মর্গে তখন ভাড়া বাসায় একা নাহিদা। তাকে সান্ত্বনা দিতে স্বজন ও পরিচিতজনেরা আসছেন। তাদের সামনে বারবার মা ও ছোট ভাইকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ছিলেন তিনি।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে নাহিদা বলেন, অন্য সময় দেরিতে বাড়ি ফিরলেও ঘটনার দিন সন্ধ্যায় বাসায় ফিরেছিলেন ইউসুফ। স্বামীকে এত তাড়াতাড়ি ফেরার কারণও জানতে চান স্ত্রী। ইউসুফ তখন অসুস্থ বোধ করছেন বলে জানান। নাহিদা তাকে বসে ওষুধ খেতে বলেছিলেন। কিন্তু কিছুক্ষণ পর অফিসের একজন ফোন করলে মানিব্যাগ বাসায় রেখে বেরিয়ে যান তিনি।

নাহিদা বলেন, ‘সে বলে, তুমি ১০ মিনিট বসো, আমি আসতাছি।’

এরপর রাত সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে রুহুল নামে প্রতিবেশী একজনের কাছে স্বামীর আহত হওয়ার খবর পান তিনি। নাহিদা বলেন, ‘শুনি, কে জানি তারে কোপ দিছে। কী ভিডিও করতে গেছে নাকি? আমার স্বামী শেষ, আমার স্বপ্ন শেষ। মেডিকেলে নিলে ডাক্তার কয়, সে আর নাই।’

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমার স্বামী নির্দোষ, কোনো অপরাধ করে নাই। সুস্থ মানুষ, তাদের একটু ভিডিও করলে কী হয়? তারা এমন কোপ দিছে, আমার সব স্বপ্ন শেষ।’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে একটি অপহরণ মামলার শুনানি শেষে ফতুল্লা থানা কৃষক দলের সভাপতি জুয়েল আরমান ও কুতুবপুর ইউনিয়ন বিএনপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য দেলোয়ার হোসেনের লোকজনের মধ্যে মারামারির ঘটনা ঘটে। মারামারির ঘটনায় জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বলও দেলোয়ার হোসেনদের পক্ষ নেন বলে অভিযোগ রয়েছে। এতে জুয়েল আরমান ও দেলোয়ারের ছেলে জুয়েল হাওলাদারসহ উভয়পক্ষের কয়েকজন আহত হন।

গত জুনের একটি ঘটনায় দেলোয়ার হোসেনকে অপহরণের অভিযোগে আদালতে মামলা করেছিলেন তার ছেলে জুয়েল হাওলাদার। ওই মামলায় অভিযুক্ত জুয়েল আরমান মঙ্গলবার আদালত থেকে জামিনও পেয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, আদালতের সামনে ওই মারামারির এর জেরে রাতে ফতুল্লার তক্কারমাঠ এলাকায় দেলোয়ারের বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। সে সময় হামলার দৃশ্য মুঠোফোনে ধারণ করছিলেন আবু ইউসুফ। এতে ক্ষিপ্ত হয়ে হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বাসিন্দা ইউসুফ চার ভাই-বোনের মধ্যে সবার বড় ছিলেন। তার বাবা-মা ও ছোট ভাই-বোনেরা জালকুড়ি এলাকায় থাকেন। বড় ছেলে হিসেবে সংসারের দায়িত্বও ছিল তার কাঁধে।

আবু ইউসুফ হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ কর্মকর্তা তারেক আল মেহেদী বলেন, অভিযুক্ত ব্যক্তিরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত কি না, তা বিবেচ্য নয়। অপরাধের সঙ্গে যারা জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে।

সর্বশেষ

জনপ্রিয়