১৯ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৪৭, ১৮ নভেম্বর ২০২৬

ফতুল্লায় যুবক হত্যার ঘটনার পর কৃষকদল নেতা জুয়েল আরমান বহিষ্কার

ফতুল্লায় যুবক হত্যার ঘটনার পর কৃষকদল নেতা জুয়েল আরমান বহিষ্কার

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির দুই পক্ষের দ্বন্দ্বের জেরে আবু ইউসুফ (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনার পর ফতুল্লা থানা কৃষকদলের সভাপতি ও জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক জুয়েল আরমানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ, শৃঙ্খলা ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে জুয়েল আরমানকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

একই সঙ্গে তাঁর সঙ্গে দলীয় নেতাকর্মীদের কোনো ধরনের যোগাযোগ না রাখার অনুরোধ জানানো হয়েছে। কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

এর আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে একটি অপহরণ মামলার শুনানি শেষে বিএনপির দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এতে কৃষকদল নেতা জুয়েল আরমানসহ কয়েকজন আহত হন। এর জেরে রাতে ফতুল্লার শিয়াচর তক্কারমাঠ এলাকায় প্রতিপক্ষের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে জুয়েল আরমান ও তাঁর লোকজনের বিরুদ্ধে।

এ সময় হামলার ভিডিও ধারণ করায় আবু ইউসুফ (২৫) নামে এক গাড়িচালককে কুপিয়ে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ

জনপ্রিয়