১৯ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৪৮, ১৮ নভেম্বর ২০২৬

আপডেট: ১৮:৫০, ১৮ নভেম্বর ২০২৬

১৯৩ কোটি টাকা পাচার: চার্জশিটে স্ত্রী-সন্তান-শ্যালকসহ শামীম ওসমানের নাম

১৯৩ কোটি টাকা পাচার: চার্জশিটে স্ত্রী-সন্তান-শ্যালকসহ শামীম ওসমানের নাম

টেলিকমিউনকেশন খাত সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানের নামে ১৯৩ কোটি টাকারও বেশি অর্থ পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রস্তুত করা অভিযোগপত্রে উঠে এসেছে নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান, তার স্ত্রী, সন্তান, শ্যালকসহ ছয়জনের নাম। দুদকের প্রধান কার্যালয় থেকে অনুমোদন পাওয়া এ অভিযোগপত্র শীঘ্রই আদালতে দাখিল করা হবে বলেও জানিয়েছে সংস্থাটি।

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর প্রধান কার্যালয়ে দুর্নীতি রোধে কাজ করা সংস্থাটির সচিক সাইদুর রহমান সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, গত বছরের ১৬ জানুয়ারি তৎকালীন পরিচালক জালাল উদ্দিন আহমদের করা মামলাটির তদন্ত শেষে তৈরি অভিযোগপত্রও প্রস্তুত করা হয়েছে। অভিযোগপত্রটি প্রধান কার্যালয় অনুমোদনও দিয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক ইমরান খান অপু আদালতে অভিযোগপত্র দাখিলের প্রস্তুতি নিচ্ছেন।

দুদকের অভিযোগপত্রে অভিযুক্তরা হলেন: সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তার স্ত্রী সালমা ওসমান লিপি, ছেলে ইমতিনান ওসমান অয়ন, শ্যালক তানভীর আহমেদ টিটু, নীট কনসার্ন গ্রুপের এমডি জয়নাল আবেদীন মোল্লা ও জাহাঙ্গীর হোসেন মোল্লা।

অভিযুক্তদের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দণ্ডবিধির ৪০৯ ও ১০৯ ধারায় অপরাধের কথা অভিযোগপত্রে উল্লেখ করেছে দুদক।

সংস্থাটি বলছে, অর্থ পাচারের সঙ্গে জড়িত প্রতিষ্ঠান ‘কে টেলিকমিউনিকেশন্স লিমিটেড’র চেয়ারম্যান ছিলেন শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান লিপি এবং ব্যবস্থাপনা পরিচালক ছিলেন তার শ্যালক তানভীর আহমেদ টিটু। এছাড়া, পরিচালক ও শেয়ালহোল্ডার হিসেবে ছিলেন বাকিরা। যদিও পরে এসব শেয়ার বেনামি ব্যক্তিদের নামে হস্তান্তর করা হয়।

দুদকের নথিপত্র সূত্রে জানা যায়, আন্তর্জাতিক ইনকামিং কল বা সেবা রপ্তানির বিপরীতে অর্জিত ১৯৩ কোটি ৯১ লাখ ১৮ হাজার ৬০৩ টাকা দেশে না এনে পাচার করা হয়েছে। এতে যুক্ত ছিলেন শামীম ওসমান ও তার পরিবারের সদস্যরা। এর বাইরে নীট কনসার্ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জয়নাল আবেদীন মোল্লা এবং তার ছোটভাই ও ওই গ্রুপের পরিচালক জাহাঙ্গীর হোসেন মোল্লারও সম্পৃক্ততা পেয়েছে দুদক। তারা শামীম ওসমানের অত্যন্ত ঘনিষ্ঠভাজন ব্যবসায়ী বলে পরিচিত। তাদের বিরুদ্ধে স্থানীয়ভাবে ভূমিদস্যুতা ও সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে নানা অপরাধী কর্মকাণ্ডের জন্য অভিযুক্ত হলেও শামীম ওসমানের সঙ্গে সখ্যতা থাকার কারণে নীট কনসার্নের মালিক এই মোল্লা পরিবারের সদস্যদের কখনো প্রশাসনিক জটিলতায় পড়তে হয়নি।

অর্থ পাচারে অভিযুক্ত প্রতিষ্ঠান ‘কে কমিউনিকেশন্স লিমিটেড’র পরিচালকের পদেও ছিলেন নীট কনসার্নের ওই দুই সহোদর।

দুদক বলছে, ভুয়া ব্যক্তিদের নামে শেয়ার হস্তান্তরের নথি তৈরি করে প্রকৃত মালিকানা আড়াল করা হয়েছিল। তদন্ত প্রতিবেদনে আরও অভিযোগ করা হয়েছে, ঘটনাকালে শামীম ওসমান সংসদ সদস্য ও ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতা হিসেবে নিজের অবস্থান ব্যবহার করে স্ত্রী, শ্যালক ও ছেলেকে বৈদেশিক মুদ্রা পাচারে সহযোগিতা করেন।

তদন্ত প্রতিবেদন সূত্রে জানা গেছে, ‘কে টেলিকমিউনিকেশন্স লিমিটেড’ ২০১২ সালের ১২ এপ্রিল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছ থেকে ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডব্লিউ) লাইসেন্স পায়। বিধি অনুযায়ী, আন্তর্জাতিক ইনকামিং কল বা সেবা রপ্তানির মাধ্যমে অর্জিত বৈদেশিক মুদ্রা ব্যাংকিং চ্যানেলে এফসি বা ইআরকিউ অ্যাকাউন্টের মাধ্যমে দেশে প্রত্যাবাসন করার বাধ্যবাধকতা রয়েছে।

তদন্তে দেখা যায়, প্রতিষ্ঠানটি ২০১২ সালের সেপ্টেম্বর থেকে ২০১৩ সালের অক্টোবর পর্যন্ত ১৪ মাসে ৯১ কোটি ৫০ লাখ ৯২ হাজার ৮৬৫ কল মিনিট সেবা রপ্তানি করে। প্রতি মিনিট ০.০৩০ মার্কিন ডলার হিসাবে এর মোট মূল্য দাঁড়ায় ২ কোটি ৭৪ লাখ ৫২ হাজার ৭৮৬ মার্কিন ডলার।

তবে আইএফআইসি ব্যাংকের নারায়ণগঞ্জ শাখার হিসাব বিবরণী অনুযায়ী, প্রতিষ্ঠানটি দেশে এনেছে মাত্র ২২ লাখ ৬৯ হাজার ৪২৭ দশমিক ৫২ মার্কিন ডলার। বাকি ২ কোটি ৫১ লাখ ৮৩ হাজার ৩৫৮ দশমিক ৪৮ মার্কিন ডলার দেশে প্রত্যাবাসন করা হয়নি বলে তদন্তে উল্লেখ করা হয়েছে। তৎকালীন বিনিময় হার ৭৭ টাকা হিসাবে এই অর্থের পরিমাণ ১৯৩ কোটি ৯১ লাখ ১৮ হাজার ৬০৩ টাকা।

দুদকের তদন্ত প্রতিবেদন বলছে, ২০১৩ সালের ৪ আগস্ট আসামিরা তাদের সব শেয়ার মো. সাখাওয়াত হোসেন, দেবব্রত চৌধুরী ও মো. রাকিবুল ইসলাম নামে তিন ব্যক্তির কাছে হস্তান্তর দেখান। তবে দুদকের সরেজমিন তদন্তে ওই ব্যক্তিদের নিবন্ধিত ঠিকানার সত্যতা পাওয়া যায়নি। ঠিকানাগুলোতে তাদের নামে কোনো ব্যক্তির অস্তিত্বও মেলেনি বলে তদন্তে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়