১৯ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৪৯, ১৮ নভেম্বর ২০২৬

আড়াইহাজারে দুই বাড়িতে ডাকাতি, টাকা-স্বর্ণালংকার লুট 

আড়াইহাজারে দুই বাড়িতে ডাকাতি, টাকা-স্বর্ণালংকার লুট 
ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একই এলাকার দুটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) ভোররাত ৩টা থেকে পৌনে ৪টার মধ্যে উপজেলার উচিতপুরা ইউনিয়নের ভৈরবদী গ্রামে মুখোশধারী ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল বাড়ি দুটিতে হানা দেয়। 

পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে মারধর ও অস্ত্রের মুখে জিম্মি করে তারা নগদ টাকা, স্বর্ণালংকার, রুপা ও মুঠোফোন লুট করে নিয়ে যায় বলে জানান ভুক্তভোগীরা। 

ভুক্তভোগী পরিবারগুলোর দেওয়া তথ্য অনুযায়ী, প্রথমে ডাকাত দলটি ভৈরবদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে জামাল উদ্দিনের (৪৫) বাড়িতে হানা দেয়। টিনের ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে মারধর করে। এ সময় কাঠের শোকেসে থাকা ৪৫ হাজার টাকা, এক জোড়া স্বর্ণের কানের দুল, পাঁচ ভরি রুপা ও দুটি মুঠোফোন লুট করে নিয়ে যায়। 

পরে একই এলাকার আমানের (৪০) বাড়িতে হানা দেয় ডাকাত দলটি। সেখানেও টিনের ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে আমানের হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে স্টিলের আলমারিতে থাকা ৭০ হাজার টাকা, আনুমানিক চার ভরি রুপা ও একটি স্মার্টফোন নিয়ে যায়। 

দুটি বাড়ি থেকে মোট ১ লাখ ১৫ হাজার টাকা, এক জোড়া স্বর্ণের কানের দুল, আনুমানিক ৯ ভরি রুপা ও তিনটি মুঠোফোন লুট হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবারগুলো। 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়