আ.লীগের লকডাউন ঘিরে নারায়ণগঞ্জে বিজিবি-আনসারসহ সাড়ে ৭০০ পুলিশ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। সম্ভাব্য নাশকতা, অগ্নিসংযোগ ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে জেলায় ৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ৪ প্লাটুন আনসার এবং প্রায় ৭৫০ পুলিশ সদস্য মোতায়েনের ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) আটটি টহল দল মাঠে থাকবে।
আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে এসব প্রস্তুতির তথ্য জানানো হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া মোড়, কাঁচপুর ব্রিজ ও শিমরাইল এলাকায় ৭ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন। শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন তাঁরা।
একই সঙ্গে জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পকারখানা ও স্পর্শকাতর এলাকায় ৪ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য দায়িত্ব পালন করছেন। বিজিবি ও আনসারের এসব সদস্য আগে থেকেই শিল্পাঞ্চলের নিরাপত্তায় মোতায়েন রয়েছেন।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, লকডাউন কর্মসূচি ঘিরে নারায়ণগঞ্জের সাতটি থানায় প্রায় ৭৫০ পুলিশ সদস্য মোতায়েন থাকবেন। এর মধ্যে অন্য জেলা থেকে অতিরিক্ত ৩০০ পুলিশ সদস্য আনা হচ্ছে। জেলার গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক ও প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে নজরদারি বাড়ানো হবে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন-অপরাধ) তারেক আল মেহদী জানিয়েছেন, লকডাউন ঘিরে জেলার সাতটি থানায় সাড়ে সাতশ পুলিশ সদস্য মোতায়েন থাকবেন। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
এদিকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ জানিয়েছেন, সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে আটটি টহল দলের পাশাপাশি সাদা পোশাকেও সদস্যরা দায়িত্ব পালন করবেন। জেলার বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করা হবে।
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন জানান, শিমরাইল মোড়ে অন্তত পাঁচজন এবং তারাবো চেকপোস্টে ১০ জন হাইওয়ে পুলিশ সদস্য মোতায়েন থাকবেন। তারাবো চেকপোস্টে জেলা পুলিশের সদস্যরাও দায়িত্ব পালন করবেন।
কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা জানান, মহাসড়কের বিভিন্ন স্থানে জেলা পুলিশের স্থাপিত চেকপোস্টে হাইওয়ে পুলিশ সহযোগিতা করবে।
সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারাও জানিয়েছেন, সম্ভাব্য নাশকতা প্রতিরোধে তাঁরা প্রস্তুত রয়েছেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
অন্যদিকে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি প্রতিহত করতে মাঠে থাকার ঘোষণা দিয়েছে বিএনপি। নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসিকুল ইসলাম রাজিব জানিয়েছেন, জেলা বিএনপির নেতাকর্মীরা নারায়ণগঞ্জ শহর ও বিভিন্ন উপজেলার মহাসড়কে অবস্থান নেবেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য সহিংসতা প্রতিরোধে তাঁরা প্রস্তুত রয়েছেন।





































