মাদ্রাসায় আগুন: লাইফ সাপোর্ট থেকে ফিরল এক ছাত্র, আইসিইউ ছাড়ল আরেকজন
নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় আইসিইউতে চিকিৎসাধীন শেষ দুই শিক্ষার্থীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তাঁদের মধ্যে লাইফ সাপোর্টে থাকা একজনকে এইচডিইউতে এবং অপরজনকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। বাকি শিক্ষার্থীরা চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
রোববার (১৫ নভেম্বর) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ইমার্জেন্সি রেসিডেন্ট সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আইসিইউতে চিকিৎসাধীন সর্বশেষ দুই শিক্ষার্থীর শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তাঁদের মধ্যে মেকানিক্যাল ভেন্টিলেটর বা লাইফ সাপোর্টে থাকা শিক্ষার্থীকে সফলভাবে ভেন্টিলেটর থেকে সরানো হয়েছে। বর্তমানে তাঁর অক্সিজেন সাপোর্টের প্রয়োজন হচ্ছে না। তাঁকে মেল এইচডিইউতে স্থানান্তর করা হয়েছে।
এ ছাড়া আইসিইউতে থাকা অপর শিক্ষার্থীর অবস্থার উন্নতি হওয়ায় তাঁকেও সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। এই দুজন ছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় অসুস্থ অন্য কোনো শিক্ষার্থী বর্তমানে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন নেই।
হাসপাতাল সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডের পর ধোঁয়ায় অসুস্থ মোট ৯৪ জন শিক্ষার্থীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছিল। তাঁদের মধ্যে অধিকাংশই শ্বাসকষ্ট ও ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েন। পর্যায়ক্রমে চিকিৎসা শেষে ৯২ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বাকি দুই শিক্ষার্থী গুরুতর অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে তাঁদের অবস্থারও উন্নতি হয়েছে।
উল্লেখ্য, গত সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে ফতুল্লার সাইনবোর্ডসংলগ্ন ভূঁইগড়ের শান্তিধারা এলাকায় অবস্থিত জামিয়া আশরাফিয়া মাদ্রাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে ভবনের পাঠাগার ও কাগজপত্র পুড়ে যায়। এ সময় পুরো ভবনে ধোঁয়া ছড়িয়ে পড়লে মাদ্রাসার প্রায় এক হাজার ৩০০ আবাসিক শিক্ষার্থীর মধ্যে অনেকে শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েন। তাঁদের মধ্যে ৯৪ জনকে চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।





































