রপ্তানি বাড়াতে নতুন সম্ভবনার সুযোগ কাজে লাগাতে হবে: এমপি মাহবুব
বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. খালেদ হোসেন মাহবুব বলেছেন, “বাংলাদেশ বিশ্বব্যাপী পোশাকশিল্পে শক্তিশালী সুনাম অর্জন করেছে। তবে রপ্তানি খাত আরও সম্প্রসারণ করতে হলে পণ্যের বহুমুখীকরণ, উদ্ভাবন, প্রযুক্তির ব্যবহার ও উৎপাদনশীলতা বাড়াতে হবে। বাংলাদেশকে শুধু পোশাকশিল্পের মধ্যে সীমাবদ্ধ না রেখে বহুমুখী আন্তর্জাতিক সোর্সিং গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।”
রোববার (১৫ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ঢাকা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খালেদ হোসেন মাহবুব বলেন, রপ্তানি প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে নতুন নতুন সম্ভাবনাময় খাতের সুযোগ কাজে লাগাতে হবে। এবারের প্রদর্শনীতে ১২টি সম্ভাবনাময় খাতের বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। দ্বিতীয়বারের মতো আয়োজিত এ প্রদর্শনীতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান, স্টল ও আন্তর্জাতিক ক্রেতার সংখ্যা বেড়েছে।

তিনি বলেন, এ ধরনের আয়োজন দেশের রপ্তানি সম্প্রসারণ, দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন ব্যবসায়িক সম্ভাবনা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিটুবি (B2B) ম্যাচমেকিং সভা ও কারখানা পরিদর্শনের মাধ্যমে আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে সরাসরি ব্যবসায়িক যোগাযোগের সুযোগ তৈরি হবে। এতে দেশের ব্যবসায়িক ও বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শরীফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের প্রশাসক ফজলুল হক এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফসহ অনেকে।





































