১৬ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১১:৪৬, ১৫ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা, আটক ১

সিদ্ধিরগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা, আটক ১
ডানে আটক আলামিন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রনি নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আলামিন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রোববার (১৫ নভেম্বর) সকাল ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি তেরা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের দাবি, নিহত রনির পিঠে ২০ থেকে ২২টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম ও অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পর রনির সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখে তাঁর পরিচয় শনাক্ত করা হয়।

স্থানীয় রাকিবুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে প্রায় ৩০ মিটার দূরে আলামিনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা তাঁকে জিজ্ঞাসাবাদ করলে তিনি রনিকে ছুরিকাঘাতের কথা স্বীকার করেন বলে দাবি করেন রাকিবুল।

তাঁর ভাষ্য অনুযায়ী, দু-এক দিন আগে রনির সঙ্গে আলামিনের ঝগড়া হয়েছিল। সেই বিরোধের জের ধরে হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, আটক আলামিন সিদ্ধিরগঞ্জের আব্দুল আলীর ছেলে। ঘটনার পর স্থানীয়রা তাঁকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, ছুরিকাঘাতে রনি নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় আলামিন নামে একজনকে আটক করা হয়েছে। খবর পেয়ে উপপরিদর্শক (এসআই) অলিউল্লাহকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা ও তদন্তের পর বিস্তারিত জানানো হবে।

সর্বশেষ

জনপ্রিয়