ফতুল্লায় আগুনে পদ্মা রেল সেতুর পিলার ক্ষতিগ্রস্ত, কমানো হয়েছে ট্রেনের গতি
নারায়ণগঞ্জের ফতুল্লায় অগ্নিকাণ্ডে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের (পদ্মা রেল লিংক) ৩৪ নম্বর পিলার ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের তীব্র তাপে পিলারের বাইরের কংক্রিট খসে পড়ে ভেতরের রড বেরিয়ে এসেছে। ঝুঁকি এড়াতে ক্ষতিগ্রস্ত পিলারের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৩০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচলের নির্দেশনা দিয়েছে রেল কর্তৃপক্ষ।
গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত সোয়া তিনটার দিকে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের পাগলা রেলস্টেশন এলাকায় পিলারটির পাশে থাকা একটি জুতার কারখানা, পুরোনো কাপড়ের মার্কেট ও একতলা ভবনে আগুন লাগে। এতে স্থাপনাগুলো পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
অগ্নিকাণ্ডে জুতার কারখানাটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখানে পড়ে রয়েছে পুড়ে যাওয়া প্লাস্টিকের জুতা ও বিভিন্ন সামগ্রীর ধ্বংসাবশেষ। আগুনের তাপে আশপাশের দেয়ালও কালচে হয়ে গেছে।
পিলার ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী ও সেতু নির্মাণকারী প্রতিষ্ঠানের চীনা প্রকৌশলী এবং কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। অগ্নিকাণ্ডের দিনই পিলারটি পর্যবেক্ষণ করে সংস্কারের উদ্যোগ নেয় প্রকল্প কর্তৃপক্ষ। এ ছাড়া অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
ক্ষতিগ্রস্ত পিলার পরিদর্শন করেছে রেল কর্তৃপক্ষের একটি প্রতিনিধিদলও। পরিদর্শন শেষে প্রতিনিধিদলের প্রধান ও রেলওয়ের ঢাকা বিভাগীয় প্রকৌশলী এস এম মাহমুদুর রহমান বলেন, ‘আমরা পিলারটি পরিদর্শন করেছি। এখানে বড় ধরনের কোনো সমস্যা নেই। তারপরও দু-তিন দিনের মধ্যে টেকনিক্যাল টিম এসে কিছু পরীক্ষা-নিরীক্ষা করবে। এরপর পিলারটি সংস্কার করা হবে।’
তিনি আরও জানান, পিলারের পাশের রাস্তা দিয়ে অবৈধভাবে ভারী যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হবে। এসব যানবাহন নির্ধারিত রাস্তা দিয়ে চলাচল করবে।
স্থানীয় ব্যবসায়ী আনিসুর রহমান জানান, ৩৪ নম্বর পিলারের নিচে একতলা মার্কেটের একটি দোকানে জুতা তৈরি করা হতো। সেখানে উৎপাদিত প্লাস্টিকের স্যান্ডেল ও উৎপাদনের পর অবশিষ্ট বর্জ্য বস্তায় ভরে পিলারের নিচে স্তূপ করে রাখা হতো। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা তিনি জানেন না।
স্থানীয় প্রত্যক্ষদর্শী মো. সেন্টু বলেন, ‘চিল্লাচিল্লি শুনে ঘটনাস্থলে এসে দেখি বিশাল আগুন দাউ দাউ করে জ্বলছে। প্লাস্টিকের আগুন হওয়ায় আমাদের পক্ষে তা নেভানো সম্ভব ছিল না। পরে ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের গাড়ি আসে। তারা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।’
পাগলা ফায়ার স্টেশনের স্টেশন অফিসার সুমন মিয়া জানান, প্লাস্টিকজাতীয় দাহ্য পদার্থ থাকায় সেখানে আগুনের তীব্রতা প্রায় ৫০০ থেকে ৬০০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। অতিরিক্ত তাপমাত্রার কারণে কংক্রিটের পিলারের বাইরের অংশ খসে পড়ে ভেতরের রড বেরিয়ে এসেছে।
অগ্নিকাণ্ডের ঘটনাটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু। স্থানীয় এক নিরাপত্তাকর্মীর কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে তিনি এ সন্দেহ প্রকাশ করেন। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির জানান, অগ্নিকাণ্ডের কারণ ও সার্বিক বিষয় খতিয়ে দেখতে ঘটনার পরপরই পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পদ্মা রেল সংযোগ প্রকল্পের প্রকৌশলীরা পিলারটির প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম পরিচালনা করছেন।
এর আগে চলতি বছর ফতুল্লার আলীগঞ্জ এলাকায় পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ৮৪ থেকে ৯১ নম্বর পিলারের আশপাশ থেকে মাটি কাটার ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছিল। পিলারের স্থায়িত্ব নিয়ে স্থানীয়দের শঙ্কার মুখে জেলা প্রশাসন কাজ বন্ধ করে অনুমোদনের কাগজপত্র তলব করেছিল।
তবে রেলপথ মন্ত্রণালয় ও প্রকল্প-সংশ্লিষ্টরা তখন জানিয়েছিলেন, নির্মাণকাজের জন্য অস্থায়ীভাবে ভরাট করা জলাশয় আগের অবস্থায় ফিরিয়ে নিতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে মাটি সরানো হচ্ছিল। এতে সেতুর কাঠামোগত কোনো ঝুঁকি নেই বলেও আশ্বস্ত করেছিলেন তারা।





































