৩০ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:০৮, ২৯ নভেম্বর ২০২৬

আপডেট: ১৯:৫৭, ২৯ নভেম্বর ২০২৬

ঢাকায় সমাবেশ ঘিরে মহানগর বিএনপির প্রস্তুতি সভা

ঢাকায় সমাবেশ ঘিরে মহানগর বিএনপির প্রস্তুতি সভা

আগামী ১ ডিসেম্বর ঢাকায় সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। সভায় প্রতিটি ওয়ার্ড থেকে অন্তত ৫০০ নেতাকর্মীর উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

রোববার (২৯ নভেম্বর) আয়োজিত এ প্রস্তুতি সভায় দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়।

সভায় অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “বিরোধী দলে থাকাকালীন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি দক্ষতা ও যোগ্যতার পরিচয় দিয়ে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে কর্মসূচিতে অংশ নিয়েছিল। এখন আমরা দায়িত্ব গ্রহণের মাত্র ১০ মাসের মাথায় আছি। এই অবস্থায় কেউ যদি আমাদের ধাক্কা দিয়ে ফেলে দিতে চায়, বিএনপির নেতাকর্মীরা বেঁচে থাকতে তা কখনোই সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “ফ্যাসিস্টের দোসররা সারা দেশে যে নৈরাজ্য করছে, তা হতে দেওয়া যাবে না। ১ ডিসেম্বরের সমাবেশকে সামনে রেখে সবাইকে এখন থেকেই সংগঠিত হতে হবে। প্রতিটি ওয়ার্ড থেকে অন্তত ৫০০ করে নেতাকর্মী আনার ব্যবস্থা করতে হবে। কে কোন ওয়ার্ড থেকে কতজন লোক নিয়ে আসছেন, তা হিসাব করা হবে।”

অঙ্গসংগঠনগুলোর সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্ব দিয়ে সাখাওয়াত হোসেন খান বলেন, “মহিলা দল, ওলামা দল, শ্রমিক দল, কৃষক দল, ছাত্রদল, যুবদল ও জাসাসসহ সব অঙ্গসংগঠনের সর্বোচ্চ অংশগ্রহণ থাকতে হবে এবং আলাদা বাসের ব্যবস্থা করা হবে। অল্প কয়েকজন নিয়ে এলে চলবে না। এই সময়ে আপনাদের যোগ্যতা প্রমাণ করতে হবে কাজ না করলে আপনাদের স্থান অন্যরা দখল করে নেবে।”

সমাবেশে যোগদানের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, “১ ডিসেম্বর দুপুর ১২টার মধ্যে সবাইকে হুসিয়ারি সমিতির সামনে উপস্থিত থাকতে হবে এবং পর্যাপ্ত বাসের ব্যবস্থা থাকবে। সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে হলে মৎস্য ভবনের বিপরীতে হাইকোর্ট সংলগ্ন বার কাউন্সিলের সামনে এবং পল্টনে হওয়ার সম্ভাবনা বেশি থাকলে বিআরটিসির সামনে আমাদের নির্ধারিত স্থানে সবাই জড়ো হবেন।”

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এড. রফিক আহমেদ, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব ফারুক হোসেন, মহানগর মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়না, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহম্মেদ, মহানগর ওলামা দলের সভাপতি হাফেজ শিবলী, বন্দর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সর্বশেষ

জনপ্রিয়