বক্তাবলীর শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস এমপি আল আমিনের
বক্তাবলী গণহত্যায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। একই সঙ্গে শহীদ পরিবারের পাশে দাঁড়াতে সর্বোচ্চ চেষ্টা করার আশ্বাস দিয়েছেন তিনি।
রোববার (২৯ নভেম্বর) বক্তাবলী গণহত্যার ৫৫ বছর পূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ছাত্রশক্তির নেতাকর্মীদের নিয়ে লক্ষ্মীনগর বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে কানাইনগরে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন এবং কানাইনগর ছোবহানিয়া স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ উত্তর) মো. শওকত আলী, নারায়ণগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক যুবাইর আহমেদ সরদার ও মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক সম্পাদক মো. জাবেদ আলমসহ দলীয় নেতাকর্মীরা।
শ্রদ্ধা নিবেদনকালে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেন, “মুক্তিযুদ্ধের সময় বক্তাবলী পরগনা ছিল একটি মুক্তাঞ্চল। এখানকার মানুষ মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়েছিলেন বলেই হানাদার বাহিনীর আক্রোশে ১৩৯ জনকে হত্যা ও পুড়িয়ে মারার মতো নির্মম ঘটনা ঘটে। এই এলাকার আত্মত্যাগের কথা আমি জাতীয় সংসদেও তুলে ধরেছি, বিশেষ করে বক্তাবলী-আলীরটেকের সেতু দাবির প্রসঙ্গে। শহীদদের আত্মত্যাগের বিনিময়েই আমরা আজ স্বাধীন বাংলাদেশ পেয়েছি এবং নিজ নিজ জায়গায় পরিচয় নিয়ে দাঁড়াতে পারছি। শহীদ ও তাঁদের পরিবারের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা বজায় রাখাই আমাদের দায়িত্ব।”
পরে আলফাজ উদ্দিন উদ্যানে মধ্যনগর সমাজকল্যাণ উন্নয়ন সংস্থার আয়োজনে বক্তাবলীর ১৩৯ শহীদের স্মরণসভা, দোয়া ও তবারক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন সংসদ সদস্য।
স্মরণসভায় আব্দুল্লাহ আল আমিন বলেন, “মুক্তিযোদ্ধাদের আশ্রয় দেওয়ায় ক্ষুব্ধ হয়ে পাকবাহিনী এখানকার যুবক, বৃদ্ধ ও নারী-পুরুষকে হত্যা করেছিল। এনসিপি ও আমার পক্ষ থেকে শহীদ পরিবারের পাশে দাঁড়াতে সর্বোচ্চ চেষ্টা করা হবে।”
তিনি আরও বলেন, “যাঁরা জীবন ও ত্যাগের বিনিময়ে স্বাধীন ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন, তাঁদের যথাযথ মর্যাদা দিতে না পারলে দেশরও মর্যাদাও থাকে না। দেশপ্রেম, সততা ও যোগ্যতা দিয়ে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।”
মধ্যনগর সমাজকল্যাণ উন্নয়ন সংস্থার সভাপতি মো. সাঈদুর রহমান বাচ্চুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহেল মিজির তত্ত্বাবধানে স্মরণসভায় স্থানীয় মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।





































