৩০ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:১২, ২৯ নভেম্বর ২০২৬

আপডেট: ১৮:৩০, ২৯ নভেম্বর ২০২৬

বেকায়দায় আওয়ামী লীগকে শেল্টার দেওয়া বিএনপি নেতারা

বেকায়দায় আওয়ামী লীগকে শেল্টার দেওয়া বিএনপি নেতারা

আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া এবং তাদের ব্যবসা-বাণিজ্য দেখাশোনার অভিযোগে বেকায়দায় পড়েছেন নারায়ণগঞ্জ বিএনপির একাংশের নেতারা। দলীয় ও সরকারি নজরদারির খবরের পাশাপাশি কেন্দ্রীয় বিএনপির কঠোর অবস্থানের পর স্থানীয় পর্যায়েও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। এরই মধ্যে এক নেতার প্রাথমিক সদস্যপদসহ সব পদ স্থগিত এবং মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক পদধারী এক নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তার বিরুদ্ধেও কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তাও জানতে চেয়েছে সংগঠনটি।

গত ১৫ নভেম্বর আওয়ামী লীগের নেতাকর্মীদের সহযোগিতা না করতে বিএনপির শীর্ষ নেতৃত্বের সতর্কবার্তার পর বিভিন্ন অভিযোগে দেশজুড়ে দল ও অঙ্গসংগঠনের অন্তত ১১ নেতাকে বহিষ্কার করা হয়েছে। আরও কয়েকজনের পদ স্থগিত এবং কাউকে কাউকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এর প্রভাব পড়েছে নারায়ণগঞ্জের রাজনীতিতেও।

নারায়ণগঞ্জে বিএনপির যেসব নেতার বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখা, তাদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া এবং ব্যবসা-বাণিজ্য দেখাশোনার অভিযোগ রয়েছে, তাদের কর্মকাণ্ডের ওপর দলীয় নজরদারি বাড়ানো হয়েছে। সরকারের গোয়েন্দা সংস্থাগুলোও তাদের বিষয়ে খোঁজখবর নিচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।

সূত্রগুলোর দাবি, গত কয়েক মাসে এসব নেতার কর্মকাণ্ড এবং আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগের বিষয়ে গোয়েন্দা তথ্য সরকারের শীর্ষ পর্যায়ে পাঠানো হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থার পাশাপাশি আইনগত ব্যবস্থাও নেওয়া হতে পারে।

২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর নারায়ণগঞ্জে আওয়ামী লীগের নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন ব্যবসায়িক খাতে বিএনপির একাংশের নেতাদের প্রভাব বিস্তারের অভিযোগ ওঠে। হাট-বাজার, পরিবহন, ঘাট ও পোশাক কারখানার ঝুট ব্যবসাসহ বিভিন্ন খাতের নিয়ন্ত্রণ নিতে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে সমঝোতা এবং এসব খাতের আয় থেকে তাদের ভাগ দেওয়ার অভিযোগও সামনে আসে।

বিশেষ করে ওসমান পরিবারের সদস্যদের সঙ্গে বিএনপির কয়েকজন নেতার অতীতের ঘনিষ্ঠতা পটপরিবর্তনের পরও অব্যাহত থাকার অভিযোগ রয়েছে। পরিবারের সদস্যদের আত্মগোপনে থাকতে সহযোগিতা এবং তাদের ব্যবসা-বাণিজ্য রক্ষায় বিএনপির নেতাদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

স্থানীয় বিএনপির একজন সংসদ সদস্যের বিরুদ্ধে ওসমান পরিবারের ব্যবসা দেখাশোনার অভিযোগ রয়েছে। এমনকি দেশ ছেড়ে যাওয়া সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের কাছে ব্যবসার ভাগের টাকা পাঠানোর অভিযোগও উঠেছে।

বিএনপির ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, আওয়ামী লীগ সংশ্লিষ্টতা থাকা নেতাদের বিষয়ে স্থানীয় পর্যায় থেকেও কেন্দ্রে অভিযোগ যাচ্ছে। কেন্দ্র বিষয়গুলো যাচাই-বাছাই করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও শুরু করেছে। কেন্দ্র থেকে স্থানীয় নেতাদের এ বিষয়ে দিক-নির্দেশনাও দেওয়া হয়েছে।

আওয়ামী লীগের কাছে দলীয় তথ্য পাচার এবং দলীয় শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে কুতুবপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি তৈয়বুর রহমানের প্রাথমিক সদস্যপদসহ সব পদ স্থগিত করেছে ফতুল্লা থানা বিএনপি।

অন্যদিকে, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সঙ্গে ‘সুসম্পর্কের’ অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তিনি নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের ছেলে ও তাঁর রাজনৈতিক সচিব।

গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর স্বাক্ষরে এ নোটিশ দেওয়া হয়। শনিবার বিষয়টি জানাজানি হয়।

নোটিশে আশার বিরুদ্ধে আওয়ামী লীগের পদধারী নেতা ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের পরিবারের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের সরকারের গুরুত্বপূর্ণ কাজে সংশ্লিষ্ট করা এবং নিজের রাজনৈতিক কর্মসূচিতে গুরুত্ব দেওয়ার অভিযোগ তোলা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, “আপনি দলের গুরুত্বপূর্ণ পদে থেকেও দল ও সরকারের ভাবমূর্তির কথা চিন্তা না করে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের পদধারী ও গত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলের গডফাদার শামীম ওসমান পরিবারের সাথে যারা সম্পৃক্ত ছিল, তাদেরকে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নিজের হীন স্বার্থে সরকারের গুরুত্বপূর্ণ কাজে সংশ্লিষ্ট করে ও নিজের মিছিল মিটিংয়ে গুরুত্ব দিয়ে মূল্যায়ন করেন।”

তবে এসব অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিয়েছেন আবুল কাউসার আশা। নিজেকে বিএনপির পরীক্ষিত কর্মী উল্লেখ করে তিনি দাবি করেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

আশা বলেন, “এছাড়া ৫ আগস্টের পর কিছু রাজনৈতিক ব্যক্তি মামলা-বাণিজ্য এবং মোটা অঙ্কের অর্থের বিনিময়ে আওয়ামী ফ্যাসিস্টদের দোসর ও মাদক ব্যবসায়ীদের জামিনের ব্যবস্থা করে দিয়ে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করে দল ও সমাজের ক্ষতি করেছে। তাদের বিরুদ্ধে আমার শক্ত অবস্থানের কারনে আমি তাদের চক্ষুশূলে পরিণত হয়েছি।”

নিজের বিরুদ্ধে আনা অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবিও জানিয়েছেন তিনি।

সবশেষ, গতকাল শনিবার (২৮ নভেম্বর) রাতে সোনারগাঁয়ে হত্যা মামলার আসামি এক আওয়ামী লীগ নেতার সঙ্গে সখ্যতার অভিযোগ এবং বিএনপির অবস্থান কর্মসূচির ক্যাম্পে আগুন দেওয়ার চেষ্টার পাল্টাপাল্টি অভিযোগকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

উপজেলার জামপুর ইউনিয়নের বস্তল এলাকায় এ ঘটনায় অন্তত ১০ জন আহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি ওয়াজ মাহফিলে প্রধান অতিথি ছিলেন জামপুর ইউনিয়নের বিএনপি নেতা ও চেয়ারম্যান প্রার্থী গোলজার হোসেন প্রধান। একই অনুষ্ঠানে অতিথি ছিলেন হত্যা মামলার আসামি স্থানীয় আওয়ামী লীগ নেতা রাসেল আহমেদ খোকন। মাহফিল শেষে তাঁদের একসঙ্গে দেখা যাওয়ার অভিযোগ ওঠে।

অন্যদিকে গোলজার প্রধানের অভিযোগ, আওয়ামী লীগের একদল লোক বিএনপির অবস্থান কর্মসূচির ক্যাম্পে আগুন দেওয়ার চেষ্টা করে। এতে সহযোগিতার অভিযোগ ওঠে উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দীপু ও যুবদল নেতা সামির হোসেনের বিরুদ্ধে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বিএনপির একাংশের নেতাদের রাজনৈতিক ও ব্যবসায়িক সমঝোতার অভিযোগ নিয়ে বিভিন্ন সময়ে সরব হয়েছেন জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।

সম্প্রতি নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির মাওলানা আবদুল জব্বার বলেন, ‘এখানে সেলিম ওসমান অফিস করে। নারায়ণগঞ্জে তারা আওয়ামী লীগকে সংগঠিত করার চেষ্টা করছে। এইসব গোয়েন্দা তথ্য নিয়ে ব্যবস্থা নিতে হবে।’

বিএনপি নেতাদের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে আঁতাতের অভিযোগ তুলে তিনি আরও বলেন, ‘ধানাই-পানাই বাদ দিয়ে অবিলম্বে কার্যকর ভূমিকা নিতে হবে।’

এর আগে গত জুলাই মাসে ত্বকী হত্যার বিচারের দাবিতে আয়োজিত এক আলোক প্রজ্বালন কর্মসূচিতে নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলনের আহ্বায়ক রফিউর রাব্বি অভিযোগ করেন, ওসমান পরিবারের ব্যবসাপ্রতিষ্ঠান বিএনপির কয়েকজন নেতা পরিচালনা করছেন এবং সেখান থেকে পাওয়া অর্থ বিদেশে পাঠানো হচ্ছে।

পরিবহন, হাট-বাজার, ঘাট ও বিভিন্ন স্ট্যান্ড থেকে চাঁদা আদায়ের অভিযোগও তোলেন তিনি। এসব কর্মকাণ্ড বন্ধে সরকার ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন রফিউর রাব্বি।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, “যারা আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রাখছে কিংবা তাদের কাজকর্ম করছে তাদের বিষয়ে কেন্দ্রীয়ভাবে যেমন খোঁজখবর করা হচ্ছে, স্থানীয়ভাবেও আমরা খোঁজ নিচ্ছি। বিএনপি করুক বা যে যাই করুক না কেন, আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করা কাউকে ছাড় দেওয়া হবে না। দলের কারও বিরুদ্ধে এমন অভিযোগের প্রমাণ পাওয়া গেলে সাংগঠনিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

এ ক্ষেত্রে অভিযুক্ত নেতাকে বহিষ্কার এবং পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও বিএনপি নেতারা ইঙ্গিত দিয়েছেন।

দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া ও ব্যবসায়িক সমঝোতার অভিযোগ নিয়ে স্থানীয় রাজনীতিতে আলোচনা থাকলেও এবার সাংগঠনিক ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। কেন্দ্রীয় বিএনপির কঠোর অবস্থান, দলীয় নজরদারি ও গোয়েন্দা তৎপরতার খবরে নতুন করে চাপে পড়েছেন এসব অভিযোগে অভিযুক্ত নেতারা।

সর্বশেষ

জনপ্রিয়