২৬ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৪১, ২৬ নভেম্বর ২০২৬

শামীম ওসমানসহ অর্থ পাচারকারীদের দেশে ফেরানোর দাবি আবদুল জব্বারের

শামীম ওসমানসহ অর্থ পাচারকারীদের দেশে ফেরানোর দাবি আবদুল জব্বারের

১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায় এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা। এ সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান নেতারা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কাঁচপুর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমির ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মাওলানা মো. আবদুল জব্বার।

সমাবেশে আবদুল জব্বার শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে তাঁর ফাঁসির দাবি জানান। একই সঙ্গে দেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি।

জব্বার বলেন, শামীম ওসমানসহ এ অঞ্চলে ছাত্র-জনতা হত্যার সঙ্গে জড়িতদের অবিলম্বে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনতে হবে। যারা জনগণকে হত্যা করে বিদেশে আশ্রয় নিয়েছে, তাদের কোনো স্থান হবে না বলেও মন্তব্য করেন তিনি।

জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘৩৬ জুলাইয়ে’ ছাত্র-জনতা জীবন দিয়েছেন, যাতে কোনো পতিত কিংবা নতুন স্বৈরাচারকে দেশে জায়গা দেওয়া না হয়। অতীত কিংবা বর্তমান কোনো ফ্যাসিস্টের জায়গা বাংলাদেশে হবে না।

তিনি আরও বলেন, যে সরকার জনগণের নিরাপত্তা, কর্মসংস্থান, শিক্ষা, অন্ন, বস্ত্র ও বাসস্থানের নিশ্চয়তা দিতে পারে না; বরং হামলা-মামলা ও জুলুম-নির্যাতন চালায়, এমন কোনো স্বৈরাচার তারা চান না।

কর্মসূচি থেকে ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি বাস্তবায়ন এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জোর দাবি জানানো হয়। এ সময় জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ মিছিলে অংশ নেন।

সর্বশেষ

জনপ্রিয়