ফতুল্লায় দুই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পরিদর্শন, উন্নয়নের আশ্বাস এনসিপি নেতার
নারায়ণগঞ্জের ফতুল্লায় মুসলিমনগর কমিউনিটি ক্লিনিক এবং এনায়েতনগর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শন করেছেন জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক যুবাইর আহমেদ সরদার। এ সময় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর বিদ্যমান সমস্যা সমাধান ও অবকাঠামোগত উন্নয়নে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে প্রতিষ্ঠান দুটি পরিদর্শনকালে তিনি অবকাঠামোগত অবস্থা, চিকিৎসার পরিবেশ ও স্বাস্থ্যসেবা কার্যক্রমের বিভিন্ন সমস্যা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
যুবাইর আহমেদ সরদার জানান, এনায়েতনগর ইউনিয়নের স্বাস্থ্য কমপ্লেক্সটি দীর্ঘদিন ধরে নিচু জায়গায় অবস্থিত হওয়ায় বৃষ্টির সময় পানিতে নিমজ্জিত থাকে। এতে স্বাস্থ্যসেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। প্রতিষ্ঠানটি পুনর্নির্মাণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সংসদ সদস্য ও সিভিল সার্জনের সঙ্গে আলোচনা করেছি। ইউএনও এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। ইতিমধ্যে পুনর্নির্মাণের জন্য আবেদন করা হয়েছে।
তিনি বলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের বাকি ছয়টি ইউনিয়নের স্বাস্থ্য কমপ্লেক্স পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হলেও এনায়েতনগর ইউনিয়নটি আগে সেই কার্যক্রম থেকে বাদ পড়েছিল। আলোচনা করে ইউনিয়নটিকে পুনর্গঠনের উদ্যোগের আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে পুনর্গঠনের কাজ টেন্ডার প্রক্রিয়ায় যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন, আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে সামান্য বরাদ্দে কিছু কাজ হলেও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নেই। বিশেষ করে পানি ও শৌচাগারের ব্যবস্থা না থাকায় সেবা নিতে আসা নারী ও গর্ভবতীদের ভোগান্তি হচ্ছে।
যুবাইর আহমেদ সরদার জানান, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের মাধ্যমে এনায়েতনগর স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য দুই লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। আগামী ডিসেম্বরে বরাদ্দের অর্থ প্রতিষ্ঠানটিকে দেওয়া হবে। পাশাপাশি পানির ব্যবস্থা করতে সাবমার্সিবল পাম্প স্থাপন এবং শৌচাগারের ব্যবস্থা করার জন্য সুপারিশ করা হয়েছে।
পরিদর্শনকালে এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





































