২৮ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:০০, ২৭ নভেম্বর ২০২৬

ভারতে শ্রমিক সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন হাফিজুল ইসলাম

ভারতে শ্রমিক সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন হাফিজুল ইসলাম

ভারতে অনুষ্ঠিত দুটি শ্রমিক সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম। আমন্ত্রিত শ্রমিক প্রতিনিধি হিসেবে তিনি বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশনের এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন ও সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের জাতীয় সম্মেলনে অংশ নেন।

শুক্রবার (২৭ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নারায়ণগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক এম এ শাহীন এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে ২০ ও ২১ নভেম্বর বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশনের এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন এবং ২২ থেকে ২৬ নভেম্বর সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের ৪৩তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ভারত, বাংলাদেশ, নেপাল, ফিলিস্তিন, ইরান ও স্পেনসহ ১৬টিরও বেশি দেশের শ্রমিক প্রতিনিধিরা অংশ নেন।

সম্মেলনে শোভন কর্মপরিবেশ, শ্রমের মর্যাদা, মজুরি চুরি প্রতিরোধ, শ্রমজীবী মানুষের বর্তমান সংকট মোকাবিলা, জীবনধারণের উপযোগী ন্যূনতম মজুরি, নিরাপদ কর্মস্থল, সপ্তাহে ৩৫ ঘণ্টা কর্মসময়, চাকরির নিরাপত্তা, পেনশন ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া ট্রেড ইউনিয়ন গঠন, যৌথ দরকষাকষি ও ধর্মঘটের অধিকার রক্ষার ওপর জোর দেওয়া হয়।

সম্মেলনে অংশ নেওয়া শ্রমিক প্রতিনিধিরা বিভিন্ন দেশে কর্মরত অভিবাসী শ্রমিকদের মৃত্যুঝুঁকি, মজুরিবঞ্চনা ও নিরাপত্তাহীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি যুদ্ধ অর্থনীতি, সামরিক জোট ও এশিয়া-প্যাসিফিক অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটির বিরোধিতা করেন তাঁরা।

ন্যাটোসহ সব সামরিক জোট বিলুপ্তি ও পারমাণবিক অস্ত্র বিলোপের দাবি জানানোর পাশাপাশি যুদ্ধাস্ত্র ও সামরিক সরঞ্জাম পরিবহন বয়কটে বন্দর ও পরিবহন শ্রমিকদের আন্দোলনের প্রতি সংহতি জানান প্রতিনিধিরা।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়ে ফিলিস্তিনের প্রতি সংহতিকে বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশনের (ডব্লিউএফটিইউ) স্থায়ী কার্যক্রমের অংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি সংগঠনটির সংহতি তহবিলের মাধ্যমে ফিলিস্তিনি শ্রমিকদের জন্য অর্থ, ওষুধ ও জরুরি ত্রাণ সহায়তার আহ্বান জানানো হয়।

সম্মেলনে আঞ্চলিক দপ্তরের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ এবং ২০২৭ সালের মে মাসে শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য ১৯তম বিশ্ব ট্রেড ইউনিয়ন কংগ্রেস সফল করার প্রস্তুতি নিয়েও আলোচনা হয়।

সর্বশেষ

জনপ্রিয়