২৩ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৫৬, ২৩ নভেম্বর ২০২৬

যুবদল নেতা ডেভিডের ২২তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার

যুবদল নেতা ডেভিডের ২২তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার

নারায়ণগঞ্জের আলোচিত যুবদল নেতা মমিনউল্লাহ ডেভিডের ২২তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার (২৪ নভেম্বর)। এ উপলক্ষে পরিবার ও স্থানীয় বিএনপির উদ্যোগে বিকেল ৪টায় শহরের মিশনপাড়া মোড়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

২০০৪ সালের ২৪ নভেম্বর রাজধানীর মালিবাগ কমিউনিটি সেন্টারের সামনে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অভিযানে গুলিবিদ্ধ হয়ে মারা যান মমিনউল্লাহ ডেভিড। তৎকালীন র‍্যাবের দাবি ছিল, বন্দুকযুদ্ধের সময় তাঁর মৃত্যু হয়েছে।

নারায়ণগঞ্জের মিশনপাড়া এলাকার বাসিন্দা ডেভিড একসময় যুবদলের রাজনীতিতে সক্রিয় ছিলেন। নব্বইয়ের দশক থেকে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তাঁর পরিচিতি বাড়তে থাকে। একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক সংঘাত ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনি আলোচনায় আসেন।

ডেভিডের রাজনৈতিক জীবনের পাশাপাশি ক্রিকেটের প্রতিও আগ্রহ ছিল। ছোটবেলায় নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমিতে অনুশীলন করতেন তিনি। অস্ট্রেলিয়ার ক্রিকেটার ডেভিড বুনের ব্যাটিং অনুসরণ করায় পরিচিতজনেরা তাঁকে ‘ডেভিড’ নামে ডাকতেন। পরবর্তী সময়ে এই নামেই তিনি পরিচিত হয়ে ওঠেন।

মৃত্যুর পর তাঁকে নারায়ণগঞ্জের মাসদাইর সিটি কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।

এদিকে, ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকেল ৪টায় মিশনপাড়া মোড়ে পরিবারের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে তাঁর আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় বিএনপির নেতাকর্মীদের অংশ নেওয়ার কথা রয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়