বন্দরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, কৌশল দেখাল শিক্ষার্থীরা
‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যে নারায়ণগঞ্জের বন্দরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে র্যালি, হাত ধোয়ার প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার। সঞ্চালনা করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মো. রিদওয়ান আহমেদ।
সভায় বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা রফিক আবেদীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এরশাদ হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা শেখ ফরিদ ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজমল হোসেন।
এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আঞ্জুমান আরা, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা শ্যামলী আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা হাত ধোয়ার আটটি কৌশল হাতে-কলমে প্রদর্শন করে। পাশাপাশি ছয়টি গুরুত্বপূর্ণ সময়ে হাত ধোয়ার নিয়ম তুলে ধরে।
সভাপতির বক্তব্যে ইউএনও শিবানী সরকার বলেন, সুস্থ ও নিরাপদ জীবনযাপনের জন্য সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা জরুরি। এটি ব্যক্তিগত পরিচ্ছন্নতার পাশাপাশি ডায়রিয়াসহ বিভিন্ন সংক্রামক রোগ প্রতিরোধের কার্যকর উপায়। শিশুদের ছোটবেলা থেকেই হাত ধোয়ার সঠিক নিয়ম শেখাতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বক্তারা ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা ও রোগ প্রতিরোধে সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।





































