ফতুল্লায় জেলা মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে নারায়ণগঞ্জের ফতুল্লায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা মৎস্যজীবী দল।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর নরসিংপুর এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের অনুসারী এবং কাশীপুর ৩ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেনের নেতৃত্বে মিছিলটি বের হয়।
উত্তর নরসিংপুরে জেলা মৎস্যজীবী দলের অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি দীঘলিপট্টি, চর কাশীপুর ও মধ্য নরসিংপুরসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাশীপুর পাওয়ার হাউস মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতির বক্তব্যে এইচ এম হোসেন অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরও আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের বিভিন্ন এলাকায় সংগঠিত হয়ে অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন।
তিনি বলেন, ‘আজকে তো বিএনপি সরকার যে বিএনপি সরকার জনগণের সরকার, তারা তা ভাবতে পারে নাই। তারা বুঝতে পেরেছিল যে আমরা ওই পলায়নকৃত ফ্যাসিস্ট হাসিনাকে দিল্লি থেকে বাংলাদেশে এনে আবার এই দেশকে লুটপাট করার সুযোগ করে দেবে। কিন্তু তারা বুঝতে পারেনি আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান।’
আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে এইচ এম হোসেন বলেন, ‘নারায়ণগঞ্জের আপামর জন সাধারণের নেতা, আমার নেতা আমার অহংকার জনাব জাকির খানের আজকে নারায়নগঞ্জে স্ব শরীরে উপস্থিত। তাহলে বলছি, সাবধান হয়ে যান! নারায়ণগঞ্জে আওয়ামী ফ্যাসিস্টে কোনো ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা করলে, আমরা বিএনপি পরিবার আমরা নারায়গঞ্জের জাকির খানের কর্মীরা ঘরে বসে থাকবো না। আপনাদের যেখানে পাওয়া যাবে, সেখান থেকে ধরে পিটিয়ে দিল্লি পাঠিয়ে দেবো।’
তিনি আরও বলেন, ‘নারায়ণগঞ্জ বিএনপি নেতাকর্মীদের সাহসের প্রতীক, আস্থার প্রতীক জাকির খানের কর্মীরা কাউকে ভয় পায় না। আপনারা যার যার নিজ নিজ এলাকায় অবস্থান করুন এবং সেখানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে আওয়ামী লীগের দোসররা কোনো অপকর্ম করার চেষ্টা করলেই তাদেরকে প্রতিহত ও সমুচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। আমরা জাকির খানের কর্মীরা ২৪ আওয়ার্স প্রস্তুত ইনশাআল্লাহ।’
সমাবেশে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিংকন খান, জেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহসভাপতি মুন্সি মোহাম্মদ শাহাজালাল, সহসভাপতি মতিউর রহমান মতি ও মোহাম্মদ আজিজ, মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক কাঞ্চন আহমেদ, ফতুল্লা থানা মৎস্যজীবী দলের সভাপতি আল ফয়সাল বেপারী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ জুনাইদ শুভ, সহসভাপতি মোহাম্মদ ফারুক মৃধা, সদর থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ খোকন খান, কাশীপুর ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি মোহাম্মদ সুমন মাদবর, এনায়েতনগরের সভাপতি তারেক শুভ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।





































