২৮ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৫:৪৩, ২৮ অক্টোবর ২০২৬

চাষাঢ়া শহীদ মিনারে মহানগর যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প

চাষাঢ়া শহীদ মিনারে মহানগর যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প করেছে মহানগর যুবদল। এতে বিনামূল্যে রোগী দেখেন চিকিৎসকেরা এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় মহানগর যুবদলের তত্ত্বাবধানে ও মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য ডা. মজিবুর রহমানের মেডিকেল টিমের সহযোগিতায় এ কর্মসূচি শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও মহানগর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম। তিনি বলেন, “ফ্রি মেডিকেল ক্যাম্পটি একটি অত্যন্ত মানবিক ও সময়োপযোগী উদ্যোগ, যার মাধ্যমে চিকিৎসাবঞ্চিত সাধারণ মানুষ উপকৃত হচ্ছে।”

বিগত সরকারের সময়ে যুবদলের নেতাকর্মীরা জেল-জুলুমের শিকার হয়েছেন উল্লেখ করে আবুল কালাম বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। চিকিৎসাসেবার এ আয়োজন একদিনের মধ্যে সীমাবদ্ধ না রেখে নিয়মিত চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

প্রধান বক্তার বক্তব্যে মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, গণতান্ত্রিক আন্দোলনে যুবদল অগ্রণী ভূমিকা পালন করেছে। বিগত সরকারের সময়ে মহানগর যুবদলের আহ্বায়ক সজল ও সদস্য সচিব সাহেদসহ নেতাকর্মীরা অসংখ্য মিথ্যা মামলার শিকার হয়ে কারাবরণ করেছেন।

তিনি আরও বলেন, তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ২৬ নম্বর দফায় ‘সবার জন্য স্বাস্থ্য’-এর কথা বলা হয়েছে। সেই আদর্শ ধারণ করেই এ মেডিকেল ক্যাম্পের আয়োজন। আগামী দিনেও যুবদল চাঁদাবাজি, মাদক ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকে মানুষের কল্যাণে কাজ করবে।

সভাপতির বক্তব্যে মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেন, “রাজনৈতিক লড়াইয়ের পাশাপাশি সাধারণ মানুষের সেবা করার মানসিকতা আমাদের থাকতে হবে। ডা. মজিবুর রহমানের মতো অভিজ্ঞ চিকিৎসকদের সহযোগিতায় আজ আমাদের এই আয়োজন সফল হয়েছে।”

তিনি বলেন, যুবদল রাজপথে লড়াই-সংগ্রামের পাশাপাশি জনগণের বিপদে-আপদে পাশে থাকবে।

মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ বলেন, “সুচিকিৎসা প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। ৭১-এর স্বাধীনতার মূল লক্ষ্য ছিল বৈষম্য থেকে মুক্তি পাওয়া।”

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুসরণ করে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ধারাবাহিকভাবে কাজ করার কথা জানান তিনি। অসহায় কেউ চিকিৎসাসেবার জন্য যোগাযোগ করলে সাধ্যমতো সহযোগিতার আশ্বাসও দেন সাহেদ।

ক্যাম্পে চিকিৎসাসেবা দেন ডা. মজিবুর রহমান, খানপুর হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. বয়েজ উদ্দিন, ভিক্টোরিয়া হাসপাতালের আরএমও ডা. নাজমুল বিপুল, খানপুর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সামিরা এবং আদর্শ পরিবার কল্যাণ সংস্থার ডা. তানজিলা নিপা।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, সাজ্জাদ হোসেন কমল, মোফাজ্জল হোসেন আনোয়ার, শাকিল মিয়া, সাইফুল আলম সজিব ও জাকির হোসেন সেন্টু। আরও উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ, ওয়াদুদ ভূইয়া সাগর, পারভেজ খান, আরমান হোসেন ও মাহফুজুর রহমান ফয়সালসহ বিভিন্ন ওয়ার্ড ও থানার নেতাকর্মীরা।

সর্বশেষ

জনপ্রিয়