২৮ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:০৯, ২৮ অক্টোবর ২০২৬

আপডেট: ২০:১০, ২৮ অক্টোবর ২০২৬

বাসের সংখ্যা বৃদ্ধি ও মেডিক্যাল সেন্টার চালুসহ ৫ দাবিতে স্মারকলিপি

বাসের সংখ্যা বৃদ্ধি ও মেডিক্যাল সেন্টার চালুসহ ৫ দাবিতে স্মারকলিপি

নারায়ণগঞ্জ কলেজের অচল বাস সচল ও সংখ্যা বৃদ্ধি, মেডিক্যাল সেন্টার চালু এবং বিশুদ্ধ পানির ব্যবস্থাসহ পাঁচ দফা দাবিতে কলেজ অধ্যক্ষের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ কলেজ শাখা।

বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১টায় কলেজের অধ্যক্ষ ফজলুল হক রুমন রেজার কাছে এ স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার আহ্বায়ক মৌমিতা নূর, যুগ্ম আহ্বায়ক শেখ সাদী, সদস্য সচিব তাহমিদ আনোয়ার ও যুগ্ম সদস্য সচিব মুয়াজ সাফাত।

স্মারকলিপিতে উত্থাপিত পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে কলেজের অচল বাস দ্রুত সচল করা এবং শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বাসের সংখ্যা বৃদ্ধি, জরুরি প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা ও নারী শিক্ষার্থীদের জন্য স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিনসহ মেডিক্যাল সেন্টার চালু করা।

এ ছাড়া কলেজের প্রতিটি ফ্লোরে পানির ফিল্টারের সঙ্গে অন্তত পাঁচটি করে গ্লাসের ব্যবস্থা, ক্যাম্পাসের আশপাশে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।

পঞ্চম দাবিতে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের ঐতিহাসিক ছবি ও স্মৃতি সংরক্ষণ এবং সর্বসাধারণের পরিদর্শনের জন্য কলেজ ক্যাম্পাসে একটি স্থায়ী কক্ষ বা গ্যালারি বরাদ্দের দাবি জানানো হয়েছে।

বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার পক্ষ থেকে শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট এসব দাবি দ্রুত বাস্তবায়নের জন্য কলেজ প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।

সর্বশেষ

জনপ্রিয়