বন্দরে পরিত্যক্ত বাড়ি সিলগালা, এক মাসের সময় বেঁধে দিল প্রশাসন
নারায়ণগঞ্জের বন্দরে ঝুঁকিপূর্ণ একটি দোতলা ভবন আংশিক সিলগালা করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) প্রশাসন। তবে ভবনটি পুরোপুরি সিলগালা না করে বাসিন্দাদের এক মাসের সময় দেওয়া হয়েছে।
এ সময়ের মধ্যে ভবনটি বসবাসের উপযোগী করতে না পারলে পুরো ভবন সিলগালা করে দেওয়ার কথা জানিয়েছে সিটি করপোরেশন।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টার দিকে সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের বাবুপাড়া এলাকায় মৃত শামছুল হকের ভবনে এ অভিযান চালানো হয়।
সিটি করপোরেশনের নগর পরিকল্পনাবিদ মো. মইনুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে ভবনটির নিচতলার একটি পরিত্যক্ত দরজা সিলগালা করা হয়। তবে অন্য একটি দরজা খোলা রাখা হয়। এ নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও সমালোচনা দেখা দিয়েছে।
অভিযান চলাকালে স্থানীয় বিএনপি নেতা সুলতান আহমেদ বাধা দেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাদরুল আলমের নির্দেশনায় আংশিক সিলগালার কার্যক্রম সম্পন্ন করা হয়।
এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বন্দর পুলিশ ফাঁড়ির সদস্য ও সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় সিটি করপোরেশনের পক্ষ থেকে এর আগে তিন দফা নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশের নির্ধারিত সময় পার হওয়ার পর বুধবার ভবনটি সিলগালা করতে অভিযান চালানো হয়।
তবে পুরো ভবন সিলগালা না করার বিষয়ে নগর পরিকল্পনাবিদ মো. মইনুল ইসলাম বলেন, “সিটি করপোরেশনের প্রশাসকের নির্দেশনা অনুযায়ী ভবন মালিকপক্ষকে এক মাসের বিশেষ সময় দেওয়া হয়েছে। আপাতত একটি কক্ষ সিলগালা করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে ভবনটি বসবাসের উপযোগী করতে না পারলে পুরো ভবন চূড়ান্তভাবে সিলগালা করে দেওয়া হবে। সামগ্রিক বিষয় বিবেচনায় নিয়ে সাময়িকভাবে এ সিদ্ধান্ত শিথিল করা হয়েছে।”





































