প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজপথে জেলা ও মহানগর যুবদলের চমক
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে পৃথক আনন্দ র্যালি ও সমাবেশ করেছে জেলা ও মহানগর যুবদল। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত আয়োজিত এসব কর্মসূচিতে বিভিন্ন থানা, পৌরসভা ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা অংশ নেন।
জাতীয় পতাকা, রঙিন ব্যানার, ফেস্টুন ও সুসজ্জিত গাড়িবহর নিয়ে নেতাকর্মীদের উপস্থিতিতে নগরীর প্রধান সড়কগুলোতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা যুবদলের উদ্যোগে আনন্দ র্যালি বের হয়। আড়াইহাজার, সোনারগাঁ, রূপগঞ্জ ও ফতুল্লাসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের অংশগ্রহণে র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়ায় এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক বলেন, “আজকে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা শপথ নেব, তারেক রহমানের নেতৃত্বে সুন্দর একটি বাংলাদেশ গঠন ও দেশের উন্নয়নে সর্বোত্তম ভূমিকা রাখব।”
জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব বলেন, “নারায়ণগঞ্জে যতক্ষণ যুবদল আছে, ততক্ষণ বিএনপির ভেতরে প্রাণ আছে। সংগঠনের প্রতিটি ইউনিটকে শক্তিশালী করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।”
জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি বলেন, “আমাদের নেতা তারেক রহমানের বদনাম হয় এমন কোনো আচরণ করব না। কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতির সঙ্গে আমরা জড়িত হব না; যেখানে অন্যায় হবে সেখানেই প্রতিবাদ করব এবং নারায়ণগঞ্জ যুবদলকে একটি শক্তিশালী সংগঠনে রূপান্তর করব।”
এরপর বিকেল চারটায় নগরীর খানপুর এলাকা থেকে মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্যসচিব সাহেদ আহমেদের নেতৃত্বে পৃথক আনন্দ র্যালি বের হয়। র্যালিটি চাষাঢ়া চত্বরে এসে শেষ হয়।
সমাবেশে মনিরুল ইসলাম সজল বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের পর যুবদল আদর্শ ও সংগ্রামের প্রতীকে পরিণত হয়েছে। তারেক রহমানের নির্দেশনা মেনে চাঁদাবাজি ও অন্যায় থেকে দূরে থেকে আদর্শিক সংগঠন হিসেবে যুবদল রাজপথে থাকবে।
মহানগর যুবদলের সদস্যসচিব সাহেদ আহমেদ বলেন, “আমরা অবৈধ সরকারের জেল-জুলুম সহ্য করেছি, কিন্তু রাজপথ ছাড়িনি। নারায়ণগঞ্জ মহানগরীকে সম্পূর্ণ মাদক, অনৈতিক কর্মকাণ্ড ও কিশোর গ্যাং মুক্ত করা হবে।”
জেলা ও মহানগর যুবদলের পৃথক কর্মসূচিতে শীর্ষ নেতাদের পাশাপাশি থানা, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।





































