২৭ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:০৫, ২৭ অক্টোবর ২০২৬

র‍্যালি-সমাবেশে মহানগর যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

র‍্যালি-সমাবেশে মহানগর যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে র‍্যালি ও সমাবেশ করেছে মহানগর যুবদল।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল চারটায় নগরীর খানপুর এলাকা থেকে র‍্যালিটি বের হয়ে চাষাঢ়া চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে মহানগর এবং বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা এতে অংশ নেন।

সমাবেশে মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেন, “ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের পর আজ যুবদল আদর্শ ও সংগ্রামের প্রতীকে পরিণত হয়েছে।”

আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, নব্বইয়ে এরশাদের পতনের পর জাতীয় পার্টি যেমন আর ক্ষমতায় আসতে পারেনি, তেমনি আওয়ামী লীগও আর পুনর্বাসিত হবে না।

সজল আরও বলেন, “আগামী দিনে দেশনায়ক তারেক রহমানের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে কোনো ধরনের চাঁদাবাজি ও অন্যায়ের আশ্রয় না নিয়ে একটি আদর্শিক সংগঠন হিসেবে রাজপথে থাকবে যুবদল।”

মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ বলেন, “আমরা অবৈধ সরকারের জেল-জুলুম ও অত্যাচার সহ্য করেছি, কিন্তু রাজপথ ছাড়িনি। নারায়ণগঞ্জ মহানগরীকে সম্পূর্ণ মাদক, অনৈতিক কর্মকাণ্ড ও কিশোর গ্যাং মুক্ত করা হবে।”

শেখ হাসিনা ও ওসমান পরিবারের সমালোচনা করে তিনি বলেন, অতীতে তাঁরা যুবদলকে দমাতে পারেননি, ভবিষ্যতেও পারবেন না। দেশের বাইরে থেকে অর্থায়ন নিয়ে কেউ কেউ ‘ডিসেম্বর-ডিসেম্বর’ বলে ভয় দেখানোর চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন তিনি।

সাহেদ বলেন, “নারায়ণগঞ্জকে নেতৃত্ব দিতে হলে বুকের তাজা রক্ত দেওয়ার সৎ ক্ষমতা এবং সৎ সাহস থাকতে হবে।”

কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, রুহুল আমিন, সাজ্জাদ হোসেন কমল, শেখ মোহাম্মদ অপু, আব্দুর রহমান, মোফাজ্জল হোসেন আনোয়ার, শাকিল মিয়া, সাইফুল আলম সজিব ও জাকির হোসেন সেন্টু।

এ ছাড়া আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ, শহিদুল ইসলাম, ওয়াদুদ ভূঁইয়া সাগর, পারভেজ খান, মো. আরমান হোসেন, কামরুল ইসলাম রনি, মিনহাজ মিঠু ও আশিকুর রহমান অনিসহ মহানগর ও বিভিন্ন ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়