আড়াইহাজারের প্রবাসী হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের দায়ে প্রবাসী হাসপাতাল নামে একটি বেসরকারি চিকিৎসাপ্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করেছে পরিবেশ অধিদপ্তর।
বুধবার (২৮ অক্টোবর) পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং এ ক্ষতিপূরণ ধার্য করে।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, আড়াইহাজার উপজেলার ফলপট্টি এলাকার কানন প্লাজায় অবস্থিত প্রবাসী হাসপাতালের বিরুদ্ধে পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সরবরাহ করা তথ্য-উপাত্ত ও সুপারিশের ভিত্তিতে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়।
তবে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পরিবেশের কী ধরনের ক্ষতিসাধনের অভিযোগ পাওয়া গেছে, সে বিষয়ে পরিবেশ অধিদপ্তরের দেওয়া তথ্যে বিস্তারিত উল্লেখ করা হয়নি।





































