০৫ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:৫৯, ৫ অক্টোবর ২০২৬

ভুলতা উপস্বাস্থ্য কেন্দ্র পুনর্নির্মাণের আশ্বাস এমপি দিপুর

ভুলতা উপস্বাস্থ্য কেন্দ্র পুনর্নির্মাণের আশ্বাস এমপি দিপুর

রূপগঞ্জের ভুলতা ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। এ সময় তিনি কেন্দ্রটির ঝুঁকিপূর্ণ অবস্থা ঘুরে দেখে এটি পুনর্নির্মাণ করে আধুনিক ও উন্নত হাসপাতাল হিসেবে গড়ে তোলার উদ্যোগের কথা জানান।

সোমবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১০টার দিকে উপস্বাস্থ্য কেন্দ্রটি পরিদর্শন করেন তিনি। এ সময় চিকিৎসা নিতে আসা রোগী ও দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসাসেবার সার্বিক পরিবেশ ও সুযোগ-সুবিধার খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে এমপি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, রূপগঞ্জ অত্যন্ত জনবহুল এলাকা। ফলে এখানকার সরকারি হাসপাতালগুলোতে প্রতিনিয়ত রোগীর চাপ বাড়ছে। এই চাপ সামাল দিতে হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধিসহ অবকাঠামোগত উন্নয়নের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি বলেন, রোগীরা যাতে শতভাগ চিকিৎসাসেবা ও পর্যাপ্ত ওষুধ পান, সে লক্ষ্যে নিয়মিত তদারকি করা হচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে সেবা দেওয়ার ব্যবস্থা করায় বর্তমানে হাসপাতালে সেবাগ্রহীতার সংখ্যা আগের তুলনায় দ্বিগুণেরও বেশি বেড়েছে। বিদ্যমান জনবল দিয়েই চিকিৎসাসেবা চালু রাখা হয়েছে।

যেসব এলাকায় উপস্বাস্থ্য কেন্দ্রের নিজস্ব স্থায়ী স্থাপনা নেই, সেখানে জমি চিহ্নিত করে নতুন ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ভুলতা উপস্বাস্থ্য কেন্দ্রের বর্তমান অবস্থা প্রসঙ্গে এমপি দিপু বলেন, ‘ভুলতা এলাকায় মানুষের উপস্থিতি ও চিকিৎসাসেবা নেওয়ার চাপ অনেক বেশি। কিন্তু কেন্দ্রটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ভবনটি সরকারিভাবে পুনর্নির্মাণ করে একটি আধুনিক ও উন্নত হাসপাতাল হিসেবে গড়ে তোলার সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।’

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার সাদাত সায়েম ও আশরাফুল হক রিপন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাকির হোসেন, ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভূঁইয়া, ইউনিয়ন যুবদলের সভাপতি শাকিল আহমেদ নুরু ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক সালাহউদ্দিন দেওয়ান, উপজেলা যুবদল নেতা কামাল হোসেন, আরিফুজ্জামান ইমন, শফিকুল ইসলাম এবং জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়