সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২
সিদ্ধিরগঞ্জে মাদক ও বিভিন্ন অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়ে ২২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে সামারি ট্রায়ালে ১৮ জন, জিআর ও সিআর ওয়ারেন্টভুক্ত দুইজন এবং ডাকাতির প্রস্তুতি মামলার দুই আসামি রয়েছেন।
সোমবার (৫ অক্টোবর) সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে সুমিলপাড়া বিহারি ক্যাম্পসহ থানার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, অভিযানে সামারি ট্রায়ালে জয়নাল আবেদীন শুভ (২৫), মাহফুজ (২০), রিফাত (২১), মইন আহম্মেদ (২০), রাহাত (২০), বর্ষা মিয়া বাদশা (২৬), কালু মিয়া (৩২), আকাশ (২২), আশিক (৩০), তামিম (২৭), জুয়েল (৪০), হাবিব (৩৮), ফাহিম হাবিব (২০), জোবায়ের হোসেন জিদান (২০), মোস্তফা কামাল (২৩), ফাহাদ বিন হালিম (২২), আল-আমিন (৩৫) ও রায়হান হোসেনকে (২৪) গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া জিআর ও সিআর ওয়ারেন্টভুক্ত আসামি লিখন (২১) ও এ কে এম নাজিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে ডাকাতির প্রস্তুতি মামলায় মো. নাঈম (২৩) ও মো. বিল্লালকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। নাঈম ভোলার দক্ষিণ আইচা থানার গাজীর বান এলাকার মোতালেব স্বর্ণকারের ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের মিজমিজি মৌচাক এলাকায় ভাড়া থাকতেন। বিল্লাল বরগুনার আমতলী থানার কড়ইবুনিয়া এলাকার নুরুল ইসলামের ছেলে। তিনি সোনারগাঁয়ের কাঁচপুর বাজার এলাকায় ভাড়া থাকতেন।
গ্রেপ্তার ২২ জনকে আদালতে পাঠানো হয়েছে। মাদকসহ সব ধরনের অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।





































