সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের বস্তুল এলাকায় পূর্ববিরোধের জেরে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় বাড়ির মালিক হোসেন আলী গুরুতর আহত হয়েছেন বলে দাবি করেছে তার পরিবার।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন হোসেন আলীর স্ত্রী শাকিলা আমান তুলি। তিনি জানান, গত ৪ সেপ্টেম্বর বিকেলে তাদের বাড়িতে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ৭ সেপ্টেম্বর সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তবে সংবাদ সম্মেলনের সময় পর্যন্ত কাউকে আটক করা হয়নি বলে দাবি করেন তিনি।
তুলির অভিযোগ, গত ৪ সেপ্টেম্বর বিকেলে রোকন, মাসুদ, মামুন আব্দুল্লাহ ও মো. আলীসহ অজ্ঞাতনামা আরও ১২ থেকে ১৫ জন দেশীয় অস্ত্র নিয়ে পূর্বপরিকল্পিতভাবে তাদের বাড়িতে হামলা চালান। হামলায় জড়িতরা স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, হামলাকারীরা বাড়িতে ঢুকে স্টিলের আলমারি, খাট, শোকেস, টেলিভিশন, ড্রেসিং টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
তুলি আরও অভিযোগ করেন, হামলায় বাধা দিতে গেলে তার স্বামী হোসেন আলীর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করা হয়। হত্যার উদ্দেশ্যে তার মাথা, হাত ও পেটে আঘাত করা হয়েছে বলে দাবি করেন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
হামলার সময় তিনি ও তার স্বামী আহত হয়ে মাটিতে পড়ে গেলে তার কাছ থেকে প্রায় ১ ভরি ৮ আনা স্বর্ণালংকার নিয়ে যাওয়া হয় বলেও অভিযোগ করেন তুলি। যার আনুমানিক মূল্য ৩ লাখ ৪৫ হাজার টাকা বলে দাবি করেন তিনি। এছাড়া দুটি স্টিলের আলমারির লকার ভেঙে প্রায় ৫ লাখ টাকা নগদ, স্বর্ণালংকার ও দুটি স্মার্টফোন নিয়ে যাওয়ার অভিযোগও করেন তিনি।
সংবাদ সম্মেলনে তুলি আরও বলেন, হামলার বিষয়ে বাড়াবাড়ি করলে তার স্বামী ও পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে।
হামলার কারণ হিসেবে তিনি বলেন, মসজিদের জন্য চাঁদা চাওয়াকে কেন্দ্র করে তার স্বামীর সঙ্গে কয়েকজনের বিরোধের সৃষ্টি হয়। এর জেরেই হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি। একই সঙ্গে পূর্বশত্রুতার বিষয়টিও উল্লেখ করেন তুলি।
সংবাদ সম্মেলনে হোসেন আলীর ছোট ভাই রবিন মিয়া অভিযোগ করেন, মসজিদ কমিটির মেয়াদ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে সাবেক সেক্রেটারি চাঁদা দাবি করেন। এ সময় হোসেন আলী রোকন নামের এক ব্যক্তিকে থাপ্পড় মারেন বলে দাবি করে রবিন বলেন, এর জের ধরে রামদা, চাপাতি, চাইনিজ কুড়াল ও রিভলভার নিয়ে তার ভাইয়ের ওপর হামলা চালানো হয়।
রবিন বলেন, “আমরা সন্ত্রাসীমুক্ত সমাজ চাই। আমার ভাইয়ের ওপর যারা হামলা করেছে, তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করতে হবে।”
সংবাদ সম্মেলনে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, লুট হওয়া মালামাল উদ্ধার এবং হোসেন আলীর পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।





































