সিদ্ধিরগঞ্জে ১১০০ ইয়াবাসহ যুবলীগ নেতা বাবু গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবলীগ নেতা রফিকুল ইসলাম বাবুকে (৪৮) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় আরও দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটে সিদ্ধিরগঞ্জের গোদনাইল নয়াপাড়া এলাকায় বাবুর বাড়ির উঠান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রফিকুল ইসলাম বাবু গোদনাইল নয়াপাড়া এলাকার মৃত ফজলুল হকের ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য।
গ্রেপ্তার অপর দুজন হলেন সোনারগাঁয়ের গিরদাইন এলাকার মো. শাহিন (২৭) ও গোদনাইল নয়াপাড়া লেকপাড় এলাকার মো. মেহেদী হাসান (২১)।
জেলা গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোদনাইল নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে বাবুসহ তিনজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম বাবুর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের হওয়া তিনটি মামলা রয়েছে। এসব মামলায় এর আগে তিনি গ্রেপ্তার হয়েছিলেন।
এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।





































