মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নের তাগিদ মামুন মাহমুদের
মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে প্রযুক্তির ব্যবহার ও সহশিক্ষা কার্যক্রম বাড়ানোর প্রতি তাগিদ দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা এগারোটায় নগরীর মাসদাইরে নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসায় এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মাদ্রাসাটি শিক্ষার মানোন্নয়নের লক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে মামুন মাহমুদ বলেন, নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসাকে জেলার অন্যতম মডেল প্রতিষ্ঠানে রূপান্তর করতে হলে শুধু গতানুগতিক পড়াশোনা নয়, বরং আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সহশিক্ষা কার্যক্রম আরও জোরদার করতে হবে।
তিনি আরও বলেন, “মাদ্রাসা শিক্ষার মান নিয়ে সমাজে নানা ইতিবাচক ও নেতিবাচক আলোচনা রয়েছে। এখান থেকে পাস করা শিক্ষার্থীরা সাধারণত চরিত্রবান ও আদর্শবান হয়ে গড়ে উঠলেও, শিক্ষার মানসম্মত পরিবেশ ও কারিকুলাম নিয়ে আরও কাজ করার সুযোগ রয়েছে।”
শিক্ষকদের আধুনিক প্রশিক্ষণ, মাল্টিমিডিয়া ক্লাসরুমের সঠিক ব্যবহার এবং নিয়মিত ক্লাস মনিটরিং নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেন তিনি।
শিক্ষা-প্রতিষ্ঠানে প্রযুক্তির ব্যবহারে উদ্বুদ্ধ করে তিনি বলেন, শিক্ষার্থীদের উপস্থিতি ও শৃঙ্খলা বজায় রাখতে বায়োমেট্রিক্স হাজিরা পদ্ধতি চালু করা যেতে পারে, যার মাধ্যমে অধ্যক্ষ ও অভিভাবকদের মোবাইলে সরাসরি উপস্থিতি বা অনুপস্থিতির বার্তা চলে যাবে।
এছাড়া বিজ্ঞানাগার সচল রাখা, সমৃদ্ধ লাইব্রেরি প্রতিষ্ঠা এবং নিয়মিত বিতর্ক, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতার মতো সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটানোর আহ্বান জানান তিনি।
মাদ্রাসার ব্যবস্থাপনা পরিষদের সভাপতির দায়িত্বে থাকা জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলীনূর খান।
অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহজাহান মিঞা, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলর খোরশেদ আলম খোরশেদসহ মাদ্রাসার শিক্ষক ও অভিভাবকবৃন্দ।





































