বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, এমপির সঙ্গে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টায় ঢাকার বসুন্ধরায় জামায়াত আমীরের কার্যালয়ে বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেমের নেতৃত্বে প্রতিনিধি দলটি এ বৈঠকে অংশ নেয়।
বৈঠকে দেশের পোশাকশিল্পের সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে শিল্প খাতে চলমান বিদ্যুৎ ও গ্যাসসহ জ্বালানি সংকট, ব্যাংকিং খাতের বিভিন্ন সমস্যা এবং ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা ও সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরেন ব্যবসায়ী নেতারা।
বিকেএমইএ নেতারা এসব বিষয়ে তাঁদের মতামত ও উদ্বেগ প্রকাশ করেন। বিরোধীদলীয় নেতা ব্যবসায়ী নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। দেশের অর্থনীতি ও কর্মসংস্থানে পোশাকশিল্পের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে তিনি শিল্প খাতের বিদ্যমান সমস্যা সমাধানে প্রয়োজনীয় সহযোগিতা ও উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
বৈঠকে বিকেএমইএর সিনিয়র সহ-সভাপতি অমল পোদ্দার, পরিচালক ও সাবেক নির্বাহী সভাপতি মনসুর আহমেদ, পরিচালক মো. জামাল উদ্দিন, পরিচালক মো. সালাউদ্দিন আহমেদ শামীম এবং পরিচালক মো. মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।
এ ছাড়া আইবিডব্লিউএফের মহাসচিব ডা. আনোয়ারুল আজিম এবং বিজিএমইএর স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মোজাম্মেল হক ভূঁইয়াও উপস্থিত ছিলেন।
বৈঠকে দেশের ব্যবসা-বাণিজ্য ও শিল্প খাতের উন্নয়ন, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।





































