নারায়ণগঞ্জের উন্নয়নে পাঁচ এমপি ঐক্যবদ্ধ: দিপু ভূঁইয়া
নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, “দলমত নির্বিশেষে নারায়ণগঞ্জের উন্নয়ন ও ব্যবসায়ীদের স্বার্থে আমরা পাঁচজন সংসদ সদস্য সম্পূর্ণ ঐক্যবদ্ধ। আজকের এই আয়োজন পুরো নারায়ণগঞ্জে সেই বার্তাটি স্পষ্টভাবে পৌঁছে দিল।”
শনিবার (৮ আগস্ট) দুপুর ১২টায় শহরের চেম্বার ভবনে নারায়ণগঞ্জের সংসদ সদস্যদের সঙ্গে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
দিপু ভূঁইয়া বলেন, “আমাদের নারায়ণগঞ্জ জেলা জাতীয় জিডিপিতে প্রায় ৭ দশমিক ৫ থেকে ৮ শতাংশ অবদান রাখে। উদাহরণস্বরূপ বলা যায়, শুধু রূপগঞ্জেই প্রায় ৭৪১টি শিল্পকারখানা রয়েছে। কিন্তু দুঃখজনকভাবে অনেক কারখানার মালিক এখনো নারায়ণগঞ্জ চেম্বারের সদস্য নন। শিল্পমালিকদের কোনো সমস্যা হলে একসঙ্গে সমাধানের উদ্যোগ নেওয়া এবং ব্যবসায়িক খাতকে শক্তিশালী করতে সব শিল্পকারখানাকে নারায়ণগঞ্জ চেম্বারের আওতায় নিয়ে আসা জরুরি।”
ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, “ব্যবসায়ীদের পক্ষ থেকে কয়েকটি জরুরি দাবি এসেছে, যার মধ্যে অন্যতম হলো নিরাপদ পরিবেশ নিশ্চিত করা। প্রতিটি শিল্প এলাকায় ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে।”
ভ্যাট ও ট্যাক্স সংক্রান্ত হয়রানির অভিযোগের বিষয়ে দিপু ভূঁইয়া বলেন, “ভ্যাট ও ট্যাক্স কর্মকর্তাদের ন্যায্য দাবির বাইরে গিয়ে অতিরিক্ত চাপ বা অযৌক্তিক দাবি করার অভিযোগ রয়েছে। চেম্বারের মাধ্যমে ব্যবসায়ীদের এসব সমস্যা নিরসন এবং ভ্যাট-ট্যাক্স সংক্রান্ত হয়রানি বন্ধে আমরা সংসদ সদস্যরা সর্বাত্মক সহযোগিতা করব।”
মতবিনিময় সভায় বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এবং নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ।
সভায় সভাপতিত্ব করেন মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও নারায়ণগঞ্জ চেম্বারের সাবেক সভাপতি মাসুদুজ্জামান মাসুদ, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশা, বিকেএমইএর সহসভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, নারায়ণগঞ্জ চেম্বারের পরিচালক মোহাম্মদ সোহাগ, রিয়াদ মোহাম্মদ চৌধুরী ও আহমেদুর রহমান তনুসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।





































