আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সোনারগাঁয়ে বিএনপির বিক্ষোভ মিছিল
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য বিশৃঙ্খলা প্রতিরোধ এবং সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।
সোমবার (২২ জুন) বিকেলে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। সোনারগাঁ উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল ও শ্রমিক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
অবস্থান কর্মসূচি শেষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি আল-মদিনা শপিং মলের সামনে থেকে শুরু হয়ে টিপরদী এলাকা প্রদক্ষিণ করে পুনরায় মোগরাপাড়া চৌরাস্তায় এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং জননিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।
অবস্থান কর্মসূচিতে নেতৃবৃন্দ বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। তারা অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ বিভিন্ন সময়ে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। জনগণের জানমাল রক্ষায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজপথে থেকে দায়িত্ব পালন করবে বলেও তারা উল্লেখ করেন।
বক্তারা বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা, ব্যবসা-বাণিজ্য ও স্বাভাবিক জনজীবন যাতে কোনোভাবে ব্যাহত না হয়, সে বিষয়ে সোনারগাঁ বিএনপি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। একই সঙ্গে যেকোনো ধরনের অরাজকতা, সহিংসতা বা নাশকতার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান তারা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, অর্থ সম্পাদক আব্দুল হান্নান বেপারী, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, দপ্তর সম্পাদক ফজল মিয়া, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, উপজেলা বিএনপির ক্রীড়া সম্পাদক করিম রহমান, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক কাউসার আহম্মেদ ও রাকিব হাসান, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হারুন অর রশীদ মিঠু, উপজেলা যুবদল নেতা মামুন আব্দুল্লাহ, আল আমিন বেপারী, রিপন বেপারীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।





































