২২ জুন ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৫:২০, ২২ জুন ২০২৬

আপডেট: ১৫:২১, ২২ জুন ২০২৬

৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর এমপিপুত্র সজীবকে পরিবারের জিম্মায় ছাড়লো ডিবি

৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর এমপিপুত্র সজীবকে পরিবারের জিম্মায় ছাড়লো ডিবি

চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে ও জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে প্রায় ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২২ জুন) ভোররাতে তাকে ছেড়ে দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) প্রধান শফিকুল ইসলাম।

তিনি বলেন, “যেসব অভিযোগের ভিত্তিতে সজীবকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছিল, প্রাথমিকভাবে সেই অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। এ কারণে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।”

তবে কী অভিযোগে তাকে আনা হয়েছিল এ বিষয়ে বিস্তারিত বলতে রাজি হননি ডিবি প্রধান। তিনি জানান, বিষয়টি এখনও তদন্তাধীন এবং পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

এর আগে রবিবার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় সজীবকে হেফাজতে নেয় নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে বিকেলে তাকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয় এবং সেখানে জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যায় তাকে ঢাকায় ডিবি কার্যালয়ে পাঠানো হয়।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানিয়েছিলেন, সজীবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে এবং অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবিতে পাঠানো হয়েছে।

ডিবি সূত্রও জানিয়েছিল, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, যেগুলোর বিষয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন ছিল।

এদিকে, আটকের পর রোববার রাতে খাইরুল ইসলাম সজীবকে দল থেকে বহিষ্কার করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নুরুল ইসলাম সোহেলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নানা অনিয়মে জড়িত থাকার অভিযোগে তাকে প্রাথমিক সদস্যপদসহ বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত ব্যক্তির কোনো অপকর্মের দায় দল নেবে না এবং নেতাকর্মীদের তাকে সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়