২২ জুন ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:১৩, ২২ জুন ২০২৬

আপডেট: ২১:১৪, ২২ জুন ২০২৬

রূপগঞ্জে ডিবি পরিচয়ে ডাকাতি: লুট হওয়া মেশিনারিজ উদ্ধার, দুই ডাকাত গ্রেপ্তার

রূপগঞ্জে ডিবি পরিচয়ে ডাকাতি: লুট হওয়া মেশিনারিজ উদ্ধার, দুই ডাকাত গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে দুটি প্রিন্টিং কারখানায় সংঘটিত দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় লুট হওয়া মেশিনারিজ উদ্ধার এবং দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।

রবিবার (২১ জুন) রাতে চট্টগ্রামের পাহাড়তলী ও আকবর শাহ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে সোমবার (২২ জুন) দুপুরে আদালতের মাধ্যমে তাদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন চট্টগ্রামের আকবর শাহ থানার নিউ শহীদ লেন এলাকার মুরাদ এবং ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সর্বাতুলি এলাকার রাসেল।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, গত ১২ জুন সন্ধ্যায় উপজেলার তারাবো পৌরসভার বরাবো এলাকায় অবস্থিত নিপুন সিনথেটিক লেদার ইন্ডাস্ট্রিজ ও এসডিকে প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ইউনিটে ২০ থেকে ২৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে প্রবেশ করে।

এ সময় তারা কারখানার নিরাপত্তারক্ষী মালেক, মোবাশ্বির ও হৃদয়কে অস্ত্রের মুখে জিম্মি করে প্রিন্টিং মেশিন, কম্প্রেসার, রোলার, স্প্রেয়ার, ল্যাপটপ এবং নগদ টাকাসহ প্রায় ৬৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

ঘটনার পর কারখানার মালিক ইকবাল হায়দার চৌধুরী বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তে নেমে পুলিশ ডাকাতির ঘটনার রহস্য উদঘাটন করে এবং চট্টগ্রামে অভিযান চালিয়ে দুই ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ সময় ডাকাতি হওয়া বিভিন্ন মেশিনারিজও উদ্ধার করা হয়।

ওসি সালাউদ্দিন বলেন, ডাকাতির ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়