চার দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ মাদ্রাসা ছাত্রের
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসা থেকে নিখোঁজ হওয়া ১৪ বছর বয়সী ছাত্র মো. সোয়াদ ইসলাম হৃদয়ের চারদিনেও কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে।
নিখোঁজ হৃদয় ফতুল্লার আজমেরীবাগ টিনের মসজিদ এলাকার বাসিন্দা মো. রাজুর ছেলে। সে স্থানীয় মিসবাহুল উম্মাহ হিফজ মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র এবং প্রায় পাঁচ বছর ধরে সেখানে অধ্যায়ন করছে।
পরিবার সূত্রে জানা যায়, গত ১৬ জুন হৃদয় বাড়িতে এসে তার বাবা-মাকে জানায়, মাদ্রাসার শিক্ষক হাফেজ মুক্তার মাহমুদ তাকে মারধর করেছেন। পরে তার বাবা মো. রাজু তাকে বুঝিয়ে পুনরায় মাদ্রাসায় পৌঁছে দেন। হৃদয় মাদ্রাসাতেই রাত্রিযাপন করত।
স্বজনরা জানান, গত ১৮ জুন রাতে তারা মাদ্রাসায় গিয়ে হৃদয়ের সঙ্গে দেখা করেন এবং তার হাতে ১০০ টাকা দিয়ে আসেন। কিন্তু পরদিন শুক্রবার থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। হৃদয় নিখোঁজ হওয়ার দুই দিন পর মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের বিষয়টি জানালে তারা ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। যার নং ৪০৪/২৬
এ বিষয়ে মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা জুবায়ের হোসাইন বলেন, “হৃদয় দীর্ঘদিন ধরে আমাদের মাদ্রাসায় পড়াশোনা করছে। সে সাধারণত বাসায় গিয়ে তিন বেলা খাবার খেত এবং রাতে মাদ্রাসায় থাকত। শুক্রবার জুমার নামাজের আগে বাসায় যাবে বলে সে বের হয়। পরে দুই দিন মাদ্রাসায় না ফেরায় আমরা দুইজন ছাত্রকে তার বাড়িতে পাঠাই। তখন জানতে পারি সে বাসায়ও যায়নি। এরপর থেকে আমরা পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে খোঁজখবর করছি এবং থানাতেও গিয়েছি।”
এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নিখোঁজ কিশোরকে খুঁজে বের করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।





































